Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই বোনকে ট্রেনে তুলতে গিয়ে কাটা পড়ে মৃত্যু দাদার

দুই বোনকে ট্রেনে তুলতে গিয়ে কাটা পড়ে মৃত্যু দাদার
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: চলন্ত ট্রেন থেকে পা পিছলে লাইনে পড়ে মৃত্যু হল যুবকের। বুধবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া-আজিমগঞ্জ শাখার উপর খাগড়ঘাট রোড স্টেশনে। মৃতের নাম ইনামুল মণ্ডল (৪৯)। বাড়ি হরিহরপাড়া থানার গোবড়াগাড়ে। ঘটনার জেরে ডাউন লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যহত হয়। জিআরপি লাইন থেকে দ্রুত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ইনামুল মণ্ডলের দুই বোনের বিয়ে হয়েছে উত্তরপ্রদেশে। দুজনেই দাদার সদ্যোজাত ছেলেকে দেখতে এসেছিলেন। বুধবার বিকেলে বারো দিনের সন্তান সহ স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসেন এনামুল। সদ্যোজাতকে দেখে দুই বোনকে খাগড়াঘাট রোড স্টেশনে ট্রেনে তুলতে গিয়েছিলেন। কথা ছিল, বোনদের ট্রেনে তুলে সেই টোটোতেই বাড়ি ফিরবেন। মৃতের পরিবারের দাবি, স্টেশনে পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল। টিকিট কাটতে না কাটতেই হাওড়াগামী ডাউন ট্রেন গড়াতে শুরু করে। দুই বোন চলন্ত ট্রেনে উঠে গেলেও তাঁদের ব্যাগ তুলতে গিয়ে ট্রেনের সিঁড়িতে পা পিছলে যায় ইনামুলের। 
প্রত্যক্ষদর্শীদের দাবি, পা আটকে যাওয়ায় ট্রেনটি ইনামুলকে বেশ কিছুটা ছেঁচড়ে নিয়ে যায়। প্লাটফর্ম শেষ হওয়ার আগেই লাইনে পড়ে যান তিনি। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দাদাকে বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে ছোট বোন মর্জিনা বিবি প্লাটফর্মে পড়ে মাথায় গুরুতর চোট পান। গুরুতর জখম মর্জিনা বিবির চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বড় বোন চেন টেনে ট্রেন থামতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইনামুলকে উদ্ধারের জন্য ছুটে আসে জিআরপি। মৃতের ভাইপো সরিফুল ইসলাম মণ্ডল বলেন, কাকা নিজের ছেলেকে প্রথমবার দেখে তাকে আদর করেই বাড়ি থেকে বেরিয়েছিল। আর ফিরল না।
সম্পর্কিত সংবাদ