সংবাদদাতা, কালনা: রবিবার বিকেলে বাইক চালককে বাঁচাতে গিয়ে কালনার ধাত্রীগ্রাম রেলগেটের কাছে যাত্রীবোঝাই বাস উল্টে জখম হলেন ১০জন। জখমদের মধ্যে শিশু, মহিলা, পুরুষ মিলিয়ে সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আশঙ্কাজনক রয়েছেন বাইক চালক ও বাসের খালাসি। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার বাঁকুড়া-নবদ্বীপগামী একটি যাত্রীবোঝাই বাস বিকেলে বর্ধমান-কালনা রোড হয়ে ধাত্রীগ্রামের দিকে আসছিল। ধাত্রীগ্রাম রেলগেটের কাছে বাসটি সামনে চলে আসা বাইক চালককে বাঁচাতে গিয়ে রাস্তায় উল্টে যায়। বাইক চালকও ছিটকে পড়ে গুরুতর জখম হন। যাত্রীদের চিৎকারে আশেপাশের লোকজন ও পথচলতি মানুষ উল্টে যাওয়া বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে জখমদের দেখতে আসেন কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল, কাউন্সিলার অনিল বসু।
Advertisement
জখম মোস্তাফা মোল্লা বলেন, মধুপুর থেকে স্ত্রীকে নিয়ে নাদনঘাট মোড়ে যাব বলে বাসে চাপি। ধাত্রীগ্রাম রেলগেটের কাছে হঠাৎ বাসটি উল্টে যায়। আমি ও আমার স্ত্রী জখম হই। অল্প আঘাত পাওয়া আর এক যাত্রী ঝন্টু শেখ বলেন, বাসটি ধাত্রীগ্রাম রেলগেটের কাছে আসতেই একটি বাইক সামনে চলে আসে। বাস চালক বাইক চালককে বাঁচাতে সাইড দিতে গিয়ে উল্টে যায়। ধাত্রীগ্রামের পঞ্চায়েত প্রধান অশোক চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয় বাসিন্দা ও পথচলতি সাধারণ মানুষ উল্টে যাওয়া বাস থেকে জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে। জখম যাত্রীদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।



