সংবাদদাতা, ইটাহার: বিয়ের প্রলোভন দেখিয়ে ইটাহারের এক মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রায়গঞ্জের এক যুবক। ধৃতের নাম মহম্মদ রফিকুল। বাড়ি রায়গঞ্জের গোপালপুরে। জানা গিয়েছে, এক বছর ধরে ওই মহিলার সঙ্গে সম্পর্ক যুবকটির। মহিলাটি ইটাহারে তাঁর অসুস্থ বোনের সঙ্গে থাকেন। বাবা-মা হারা ওই মহিলার সঙ্গে রফিকুলের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই মহিলার সঙ্গে রফিকুল একাধিকবার সহবাস করে। মহিলার দাবি, রফিকুল এখন আমাকে বিয়ে করতে চাইছে না। মহিলাটি থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে রফিকুলকে গ্রেপ্তার করেছে পুলিস। সোমবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।



