সংবাদদাতা, রামপুরহাট: মূক ও বধির গৃহবধূকে ধর্ষণে অভিযুক্তর কঠোর শাস্তি ও মদ নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার মুরারই বাজারে মিছিল করল এসইউসি ছাত্র-যুব সংগঠন। পরে তাঁরা থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি জমা দেয়। নেতৃত্ব দেন এসইউসির লোকাল কমিটির সদস্য বাঞ্ছারাম মাল, যুব সংগঠনের জেলা সম্পাদক সেলিম আখতার প্রমুখ।উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে বছর পঁয়ত্রিশের মূক ও বধির ওই গৃহবধূর বাড়িতে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে গ্রামের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যার স্বামী তাপস মণ্ডলের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। আদালতের নির্দেশে অভিযুক্ত নেতা তিন দিনের পুলিস হেফাজতে রয়েছেন।



