Bartaman Logo
১০ জুন, ২০২৬

ধর্ষণে বাধা, অন্তঃসত্ত্বাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলল যুবক

ধর্ষণে বাধা, অন্তঃসত্ত্বাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলল যুবক
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
চেন্নাই: অসুস্থ শরীরে একাই সফর করছিলেন ৩৬ বছরের অন্তঃসত্ত্বা। সেই সুযোগে ট্রেনের কামরায় এক যুবক তাঁকে ধর্ষণের চেষ্টা করে। শুধু তই নয়, বাধা পেয়ে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলেও দেয়। তামিলনাড়ুর জোলারপাট্টাই স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, কোয়েম্বাটোরের এক সংস্থায় কর্মরত ওই মহিলা তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশ যাওয়ার ট্রেনে উঠেছিলেন। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ট্রেন জোলারপাট্টাই স্টেশনে পৌঁছালে ওই যুবক মহিলা কামরায় উঠে পড়ে। ততক্ষণে অন্য মহিলারা স্টেশনে নেমে গিয়েছিলেন। চার মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলা যুবককে ট্রেন থেকে নেমে যেতে বলেন। তবে ট্রেন ছেড়ে দেওয়ায় ওই যুবক নামেননি। আধ ঘণ্টা পর শৌচালয় থেকে ওই যুবক উলঙ্গ হয়ে বেরিয়ে মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন তিনি জানান যে তিনি অন্তঃসত্ত্বা। তা শুনেও ওই যুবক থামেনি। শেষমেশ মহিলার নাগাল না পেয়ে তাঁকে দরজা থেকে ঠেলে ফেলে দেয়। পুলিস ইতিমধ্যেই অভিযুক্তরে গ্রেপ্তার করেছে।  
Advertisement
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নির্যাতিতা জানান, ট্রেন থেকে পড়ে যাওয়ার পর আর তাঁর কিছু মনে নেই। জানা গিয়েছে, স্থানীরাই তাঁকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাঁর মাথা, হাত, পা এবং কোমরে চোট লেগেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও তিনি পুলিসকে জানিয়েছেন, অভিযুক্ত ওই যুবকের সঙ্গে তিনি অন্তত ৩০ মিনিট লড়াই করেছেন। মহিলাকে বাগে আনতে না পেরেই তাঁকে ট্রেন থেকে ফেলে দেয় ওই দুষ্কৃতী। হাসপাতালে শুয়ে ওই মহিলা আর্জি জানিয়েছিলেন, ‘আমার সঙ্গে যা হয়েছে, তা যেন আর অন্য মহিলার সঙ্গে না হয়। অভিযুক্তের উপযুক্ত শাস্তি চাই। তাকে গ্রেপ্তার করুন। এই ধরনের বিকৃতমানসিকতার মানুষ এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা মহিলাদের জন্য অত্যন্ত আতঙ্কের।’ পুলিস জানিয়েছে, তামিলনাড়ুর তিরুপ্পুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ ওই মহিলা অন্ধ্রপ্রদেশের চিত্তোর যাবেন বলে অসংরক্ষিত কামরায় উঠেছিলেন। তিনি তাঁর বাপের বাড়ি যাচ্ছিলেন ।
Advertisement
সম্পর্কিত সংবাদ