ডিএইচআরের ঘুম উইন্টার ফেস্টিভ্যাল শুরু, আজ টয়ট্রেনে বসছে সাহিত্য পাঠের আসর
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: পাহাড়ের পর্যটন, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে শনিবার শুরু হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) ঘুম উইন্টার ফেস্টিভ্যাল। ভারতের সর্বোচ্চ রেলস্টেশন এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যক্ষেত্র হিসেবে স্বীকৃত ঘুম স্টেশনে উৎসবের উদ্বোধন হয়। আগামী ন’দিন ধরে চলবে নানা অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উৎসবের সরকারি মাসকট ‘হিমালয়ান স্যালামান্ডার’-এর আনুষ্ঠানিক প্রকাশ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারাহ মাসকটটির আবরণ উন্মোচন করেন। পূর্ব হিমালয়ের বিপন্ন জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ।

Advertisement

উৎসবের উদ্বোধনী পর্বে পাহাড়ের বিভিন্ন জনজাতি ও সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। স্থানীয় শিল্পী, সাংস্কৃতিক গোষ্ঠী এবং ডিএইচআরের কর্মীরা লোকনৃত্য, আঞ্চলিক সংগীত ও নাট্য পরিবেশন করেন। শীতকালীন পর্যটনকে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় শিল্পী, হস্তশিল্পী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যও এই উৎসবে বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে। থাকছে টয়ট্রেনের জয়রাইড, হস্তশিল্পের প্রদর্শনী, খাবারের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে, টয়ট্রেনকে কেন্দ্র করে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার প্রসারেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার শিলিগুড়ি জংশন থেকে টয়ট্রেনে সাহিত্য পাঠের আসর বসবে। উত্তরবঙ্গের সাহিত্যর আলো সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কলকাতা, বীরভূম-সহ বিভিন্ন এলাকার কবি ও সাহিত্যিকরা অংশ নেবেন। শিলিগুড়ি জংশন থেকে তিনধারিয়া পর্যন্ত ট্রেনযাত্রায় চলবে সাহিত্য চর্চা। সন্ধ্যায় তাঁরা ফিরবেন শিলিগুড়িতে।
সংগঠনের তরফে পান্না দাস ও সজল গুহরা জানান, বাংলা ভাষা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। ভাষার হারানো সম্মান ফিরিয়ে আনা এবং সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য অঁটুট রাখতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক কবি ও সাহিত্যিকের কাছে লিখিতভাবে জানতে চাওয়া হবে, ‘পাহাড় কেন কবিকে টানে?’ তাঁদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। • নিজস্ব চিত্র।