সংবাদদাতা, শিলিগুড়ি: আজ, শনিবার থেকে শুরু হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) ঘুম উইন্টার ফেস্টিভাল। দুপুর ২টোয় ঘুম রেল স্টেশনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। পাহাড়ের পর্যটন, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও নতুন প্রজন্মকে উৎসাহিত করতে একাধিক কর্মসূচির আয়োজন করেছে ডিএইচআর।
উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার থাকছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। ‘প্লগওয়ার্টস এক্সপ্রেস– দ্য ডিএইচআর ক্লিনআপ’ নামে এই কর্মসূচি ওই দিন সকাল ৮টা থেকে ডিএইচআরের সমস্ত স্টেশন ও নির্দিষ্ট রেলপথ সংলগ্ন এলাকায় চলবে। প্লগওয়ার্টস স্কুল অব পিকিং অ্যান্ড জগিং-এর প্রতিষ্ঠাতা সৌরভ প্রধানের নেতৃত্বে এই অভিযানে অংশ নেবেন সুইডেনের প্লগিং আন্দোলনের প্রতিষ্ঠাতা এরিক আহলস্ট্রম। শরীরচর্চার সঙ্গে পরিবেশ পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, অভিযানে তিনশোর বেশি স্বেচ্ছাসেবক অংশ নেবেন। বিভিন্ন দলে ভাগ হয়ে তারা রেলপথের নির্দিষ্ট অংশে আবর্জনা সংগ্রহ করবেন। পাশাপাশি সংগৃহীত বর্জ্য পৃথকীকরণ এবং তার বিস্তারিত নথিভুক্ত করা হবে। পরে সেই বর্জ্য সংশ্লিষ্ট পুরসভা ও অনুমোদিত পুনর্ব্যবহারকারী সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘুম রেল স্টেশনে উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হবে। পরিবেশ সচেতনতা ও ঐতিহ্যবাহী পাহাড়ি রেলপথের গুরুত্ব তুলে ধরতে এই দুই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে দাবি করেছেন ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী।



