Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধর্মীয় আচার মেনে দাহকার্য সম্ভব না হওয়ায় ঘাটালের পার্বতীচকে বন্ধ শ্মশানচুল্লি

ধর্মীয় আচার মেনে দাহকার্য সম্ভব না হওয়ায় ঘাটালের পার্বতীচকে বন্ধ শ্মশানচুল্লি
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: ধর্মীয় আচারের কথা মাথায় রেখে শ্মশান চুল্লি তৈরি হয়নি। তাই ঘাটাল ব্লকের পার্বতীচকে সরকারি চুল্লিতে প্রায় তিনবছর ধরে শবদাহ করছেন না স্থানীয়রা। নতুন করে সঠিক আচার মেনে চুল্লি তৈরি না করা অবধি সেখানে কোনও শবদাহ করবেন না বলেও তাঁরা প্রশাসনকে জানিয়েছেন।
Advertisement
ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর বলেন, চুল্লিটি তৈরির সময় স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি। তার ফলে ওই সমস্যা হয়েছে। আমরা চুল্লিটি স্থানীয়দের দাবিমতো সংস্কার করে দেওয়ার চেষ্টা করছি।
ঘাটাল ব্লকের মনসুকা-১ পঞ্চায়েতের পার্বতীচক গ্রামে ২০২০-’২১ অর্থবর্ষে প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে ওই শ্মশানচুল্লি তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, হিন্দুমতে দাহকার্য সম্পন্ন করতে এমনভাবে চুল্লি তৈরি করা দরকার, যাতে শবদেহের মাথা উত্তরদিকে থাকে। কিন্তু এই চুল্লিটি পূর্ব-পশ্চিমে লম্বা। ফলে সেটি ধর্মীয় নিয়ম মেনে ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
ওই গ্রামের বাসিন্দা দিলীপ পাল, শক্তি কুঁতি জানালেন, ভুল পরিকল্পনার কারণে শ্মশানটি কাজে আসছে না। এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে ঝুমি নদীর পাড়ে দাহকার্য করছেন। এতে তাঁদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষত বৃষ্টি হলে ও বন্যার সময় সেখানে শবদাহ করতে বহু মানুষ সমস্যায় পড়েন। পার্বতীচকে চুল্লিটি তৈরির পর বহুদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হতে বসেছে।
ওই গ্রামের পঞ্চায়েত সদস্য রাম পাল বলেন, চুল্লি তৈরির সময় আচারের বিষয়টি মাথায় থাকলে এই সমস্যা হতো না। সেটি আক্ষরিক অর্থে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ