সংবাদদাতা, ময়নাগুড়ি: ধরলা নদীর উপর পাকা সেতু চাই। পাকা সেতু নির্মাণের দাবিতেই প্ল্যাকার্ড হাতে সার্ক রোডে বসে বিক্ষোভে শামিল হল এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার ভোটপট্টি মোড়ে ময়নাগুড়ি থেকে চ্যাংরাবান্ধাগামী সার্ক রোড অবরোধ করে প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ।
Advertisement
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ময়নাগুড়ির ব্লক প্রশাসন ও থানার কর্তারা। তাদের প্রতিশ্রুতিতে এই বিক্ষোভ শান্ত হয়। তবে পাকা সেতু না পেলে আগামীতে আন্দোলন আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। ময়নাগুড়ির ভোটপট্টি গোডাউন মোড় থেকে পূর্বহারমতি পাঠানের ডাঙ্গা যাওয়ার পথে ধরলা নদীর উপর পাকা সেতুর দাবি দীর্ঘদিনের। বর্তমানে সেখানে একটি বাঁশের সাঁকো রয়েছে। যার অবস্থাও বর্তমানে অত্যন্ত খারাপ। প্রতিদিন কয়েক হাজার লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। স্থানীয় বাসিন্দা মনোজিৎ সরকার বলেন, এক সময় আমাদের এই বাঁশের সাঁকো পাকা করার প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম। কিন্তু আজও তা হয়নি। ধরলা নদীর উপর একটি পাকা সেতু খুবই প্রয়োজন। ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, আপাতত শুক্রবার বাঁশের সাঁকো সংস্কার করা হবে। এলাকাবাসীদের লিখিত দিতে বলা হয়েছে। এরপর সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।



