Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধারালো অস্ত্রে শ্বশুরকে কোপ, গ্রেপ্তার জামাই

ধারালো অস্ত্রে শ্বশুরকে কোপ, গ্রেপ্তার জামাই
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: ছুরি নিয়ে প্রৌঢ় শ্বশুরের উপর হামলার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহরে। পেশায় সব্জি বিক্রেতা শ্বশুরকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিস রাতেই অভিযুক্ত জামাইকে গ্রেপ্তার করেছে। ঘটনায় মেখলিগঞ্জে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখমের নাম সুলতান মহম্মদ (৫৫)। ধৃত জামাইয়ের নাম কামাল মণ্ডল। সম্পর্কে তাঁরা জামাই-শ্বশুর। দু’জনেরই বাড়ি মেখলিগঞ্জের ২৫ নম্বর তিস্তা পয়স্তি এলাকায়। এর আগেও অপরাধজনিত কারণে কামাল দীর্ঘদিন সংশোধনাগারে কাটিয়েছে বলে পুলিস জানিয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবারও মেখলিগঞ্জ শহরের মাছহাটি সংলগ্ন সব্জি বাজারে দোকানে বসেছিলেন সুলতান মহম্মদ। রাত সাড়ে আটটা নাগাদ আচমকা তাঁর উপর হামলা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সুলতানের অস্ত্রোপচার করা হয়।  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীর গলায় ধারালো অস্ত্রের একাধিক কোপ দেওয়ার চিহ্ন রয়েছে। হাসপাতালের চিকিৎসক শিশির বিশ্বাস বলেন, আগের তুলনায় রোগী এখন ভালো আছেন। বিপদ অনেকটাই কেটে গিয়েছে।
জখম সুলতান মহম্মদের ভাই মহম্মদ মানিক বলেন, গলায় ছুরির আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দাদা। স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ভাইঝির সঙ্গে জামাইয়ের বর্তমানে কোনও সম্পর্ক নেই। বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তারপরেই এই ঘটনা। দোষীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এদিকে ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে পালাতে থাকেন ব্যবসায়ীরা। মুহূর্তেই বাজার প্রায় ফাঁকা হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন, রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ