সংবাদদাতা, ধূপগুড়ি: এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে ধূপগুড়ি-গয়েরকাটা এশিয়ান হাইওয়ে ৪৮ এর ধূপগুড়ি শহর সংলগ্ন গিলান্ডি ব্রিজ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জন বাইকে করে ধূপগুড়ি থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল। অনুমান পিছন দিক থেকে কোনও ডাম্পার এসে ধাক্কা মেরে পালিয়ে যায়। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এদিকে, রাস্তায় পড়ে থাকা একজনের মাথার কিছুটা অংশ প্রায় শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল। অন্যজনেরও অবস্থা ছিল খুবই খারাপ। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। এরপর অ্যাম্বুলেন্সে করে দেহ দু’টি নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন রশিদুল রহমান (৩০) এবং রবি আলম (১৬)। তাঁরা ময়নাগুড়ির বোলবাড়ির বাসিন্দা।



