Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লখনউয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ধোনিরা

মুসকুরায়ে আপ লখনউ ম্যায় হে— মহেন্দ্র সিং ধোনিদের লখনউ পৌঁছনোর ছবিতে সোশ্যাল মিডিয়ায় এমনই ক্যাপশন দিয়েছে চেন্নাই সুপার কিংস।

লখনউয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ধোনিরা
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: মুসকুরায়ে আপ লখনউ ম্যায় হে— মহেন্দ্র সিং ধোনিদের লখনউ পৌঁছনোর ছবিতে সোশ্যাল মিডিয়ায় এমনই ক্যাপশন দিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ক্রিকেটারদের কারোর মুখে হাসি নেই। থাকবেই বা কী করে? টানা পাঁচ ম্যাচ হেরে টেবিলের তলানিতে যে দল! আইপিএলের ইতিহাসে এমন করুণ দশা আগে কখনও দেখতে হয়নি হলুদ বাহিনীকে। এমনকী নেতৃত্বে ফিরেও দলের হাল ফেরাতে ব্যর্থ ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। এমন পরিস্থিতিতে সোমবার একানা স্টেডিয়ামে লখনউয়ের মুখোমুখি হচ্ছে সিএসকে। এই ম্যাচ কার্যত ধোনিদের কাছে মরণ-বাঁচন লড়াই। তাই যেনতেনপ্রকারেণ জয়ে ফেরাই লক্ষ্য তাঁদের। তবে কাজটা সহজ হবে না। জয়ের হ্যাটট্রিক করে এই ম্যাচে নামছে লখনউ। ঘরের মাঠে কোনওভাবেই ছন্দ হারাতে চাইবেন না ঋষভ পন্থ ব্রিগেড। 

Advertisement

চেন্নাইয়ের মূল সমস্যা ব্যাটিং। ঘরের মাঠ চিপকে গত ম্যাচে স্পিনের বিরুদ্ধে কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছিল। কেকেআরের বিরুদ্ধে  কোনওক্রমে একশোর গণ্ডি টপকায় ধোনি-ব্রিগেড। চোটের কারণে পুরো মরশুম থেকে ঋতুরাজের ছিটকে যাওয়াটা বড় ধাক্কা চেন্নাইয়ের। পাওয়ার প্লে’তে ঝড় তুলতে পারছেন না দুই ওপেনার রাচীন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। শিবম দুবে, জাদেজাদের পারফরম্যান্সেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। মহেন্দ্র সিং ধোনি সেট হয়েও বড় ইনিংস উপহার দিতে পারছেন না। দলের হাল ফেরাতে হলে ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। চেন্নাইয়ের বোলিংয়ে অবশ্য যথেষ্ট গভীরতা রয়েছে। পেস বিভাগে আছেন পাথিরানা, এলিস, খলিল। পাশাপাশি অশ্বিন, জাদেজা, নুর আহমেদে সমৃদ্ধ স্পিন বিভাগও বেশ শক্তিশালী। 
পক্ষান্তরে, ছয় ম্যাচের চারটিতে জিতে টেবিলে চতুর্থ স্থানে রয়েছে লখনউ। ব্যাটিংয়ে তাদের প্রধান অস্ত্র নিকোলাস পুরান দারুণ ছন্দে। ওপেনিংয়ে মিচেল মার্শ, আইডেন মার্করামরা রানের মধ্যে আছেন। তবে ক্যাপ্টেন ঋষভ পন্থকে এখনও চেনা ছন্দে পাওয়া যায়নি। বোলিংয়ে আভেশ খান, রবি বিষ্ণোই, দিগবেশ রাঠিরা দারুণ পারফরম্যান্স মেলে ধরেছেন। সবমিলিয়ে খাতায় কলমে ফেভারিট হিসেবেই নামবে পন্থ-ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ