নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের অনুপ্রবেশ। নদীয়ার রানাঘাট মহকুমার আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা থানা এলাকাগুলি থেকে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। রবিবার রাতে পুলিসের বিশেষ অভিযানে ধানতলা এবং হাঁসখালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ছ’ জনকে। সোমবার তাদের তোলা হয়েছিল রানাঘাট মহকুমা আদালতে। সেখানে বিচারক ধৃতদের জেল হেফাজত মঞ্জুর করেন।
Advertisement
বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। ভবিষ্যত নিয়ে রীতিমতো উদ্বেগে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। মৌলবাদীদের নিশানায় সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এমতাবস্থায় অনুপ্রবেশ ভারতবর্ষের অন্যতম চিন্তা। এই পরিস্থিতিতে রানাঘাট মহকুমার হাঁসখালি এবং ধানতলা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ছয় বাংলাদেশিকে। এর মধ্যে হাঁসখালি থানার হাতে ধৃত ৩ জন। বাকি ৩ জন ধৃত ধানতলা থানার হাতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ধানতলা থানার পুলিস গোপন সূত্রে খবর পায়, বহিরগাছি এলাকায় আত্মগোপন করে রয়েছে তিন বাংলাদেশি নাগরিক। সেই মতো বহিরগাছি এলাকায় হানা দেয় ধানতলা থানার বিশেষ দল। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সদ্য তারা সীমান্ত ডিঙিয়ে এদেশে অনুপ্রবেশ করেছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এদিকে, একইভাবে অনুপ্রবেশের খবর আসে হাঁসখালি থানাতেও। রবিবার রাতে নাইট প্যাট্রলিং চলাকালীন সেই খবর পেয়ে বড় চুপরিয়া এলাকায় হানা দেয় পুলিস। সেখান থেকে তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় কোনও নথি দেখাতে পারেনি। ফলে অনুপ্রবেশ আইনে গ্রেপ্তার করা হয় তাদের। ধৃত ৬ জনকেই সোমবার পাঠানো হয়েছিল রানাঘাট মহকুমা আদালতে। সেখানে ধৃতদের জেল হেফাজত মঞ্জুর করেন বিচারক। বিষয়টি নিয়ে পুলিসের এক কর্তা বলেন, সমস্ত পরিস্থিতি নিয়েই আমরা সতর্ক রয়েছি।



