নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: আবারও আন্তর্জাতিক মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিস। শুক্রবার গভীর রাতে ধানতলা থানার পুলিস এই পাচার চক্রের সঙ্গে যুক্ত এক দালালকে গ্রেপ্তার করে। ধৃতের নাম জামির মণ্ডল। সে ধানতলা থানা এলাকার কানিবামনি এলাকার বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বাংলাদেশি নাগরিকদের বেআইনি পথে এদেশে নিয়ে আসার কাজ করছিল জামির।
Advertisement
বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে সম্প্রতি তার এই ব্যবসা রমরমিয়ে ওঠে। ধানতলা এলাকার কাঁটাতার বিহীন সীমান্ত এলাকাগুলি ব্যবহার করে অনুপ্রবেশকারীদের এদেশে নিয়ে আসার বন্দোবস্ত করছিল সে। মোটা টাকার বিনিময়ে সে এই কাজ করছিল। মরা ইছামতি নদী অথবা কুয়াশায় মোড়া রাতকেই হাতিয়ার করে চলত তার করবার। আপাতত তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। ধানতলা থানা এলাকায় আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে কারা যুক্ত এবং সক্রিয় দালাল চক্রের সঙ্গে কারা কারা রয়েছে, তাদের চিহ্নিত করার কাজ করবেন তদন্তকারীরা। রানাঘাট পুলিস জেলার তথ্য অনুযায়ী, শুধু গত দু’মাসে হাঁসখালি, ধানতলা এবং গাংনাপুর থানায় এলাকা থেকে ৩০ জনের বেশি আন্তর্জাতিক মানব পাচারচক্রের দালাল গ্রেপ্তার হয়েছে। এছাড়াও বাংলাদেশি নাগরিক গ্রেপ্তারির সংখ্যা ৫৫-র বেশি। অর্থাৎ, সবমিলিয়ে মাত্র দু’মাসেই দালাল এবং বাংলাদেশি মিলিয়ে শতাধিক জন ধরা পড়েছে। পুলিস জানিয়েছে, এই চক্রের কেউ ছাড় পাবে না।



