Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধানবোঝাই ট্রাকের পিছনে বাসের ধাক্কা

ধানবোঝাই ট্রাকের পিছনে বাসের ধাক্কা
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারল বেসরকারি বাস। মঙ্গলবার বিকেলে ওই দুর্ঘটনায় অন্তত ২৫জন বাসযাত্রী জখম হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। স্থানীয়রা জখমদের গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জখমদের বেশিরভাগই মহিলা। পরে কান্দি থানার পুলিস দুর্ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে। তবে চালক পলাতক।
Advertisement
বাসযাত্রীরা জানান, এদিন বিকেলে ওই বাসটি বহরমপুর থেকে কান্দি যাচ্ছিল। প্রচণ্ড জোরে যাওয়ার সময় গোকর্ণ গ্রামে ঢোকার আগে বাসটি সামনে একটি ধানবোঝাই ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। সেসময় উল্টোদিক থেকে বাসের সামনে একটি ডাম্পার চলে আসে। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে। তাতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনা দেখতে পেয়ে মাঠের চাষি ও স্থানীয় বাসিন্দারা এসে জখমদের উদ্ধার করেন। তাঁদের গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অন্তত ১২জনকে মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। জখমদের মধ্যে ২ শিশু সহ ১৫জন মহিলা রয়েছে। বাসযাত্রী আজিজুল মল্লিক বলেন, বাসটি খুব জোরে চলছিল। এরপর হঠাৎ বিকট শব্দে সব লণ্ডভণ্ড হয়ে যায়। বাসের সিট থেকে ছিটকে নীচে পড়ি। উঠে দেখলাম, একটি ট্রাকের পিছনে বাসটি ধাক্কা মেরেছে। বাসের ভিতরে সবাই যন্ত্রণায় কাতরাচ্ছেন। এরপর স্থানীয়রা আমাদের উদ্ধার করেন। অপর বাসযাত্রী রেণুকা পাল বলেন, কী হয়েছিল বুঝতে পারিনি। হঠাৎ ঝাঁকুনি দিয়ে বিকট শব্দ করল। মাথায় আঘাত পেয়েছি।
দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য ওই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিস পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কান্দি থানার পুলিস জানিয়েছে, দুর্ঘটনায় অনেকে জখম হয়েছেন। তবে মৃত্যুর খবর নেই।
সম্পর্কিত সংবাদ