Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধান ঘরে তুলতে দেরি, ভিড় নেই ক্রয়কেন্দ্রে

ধান ঘরে তুলতে দেরি, ভিড় নেই ক্রয়কেন্দ্রে
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: দিনদশেক আগে থেকে শুরু হলেও জেলার ধান ক্রয়কেন্দ্রগুলি এখনও সেভাবে জমে ওঠেনি। প্রতিদিন সর্বোচ্চ ৬০ জন চাষির ধান কেনার ব্যবস্থা থাকলেও, প্রত্যেক কেন্দ্রে মেরেকেটে ১০ থেকে ১২ জন হাজির হচ্ছেন। স্বাভাবিকভাবেই ধীরগতিতে চলছে ধান কেনার পর্ব। জেলা খাদ্য দপ্তরের দাবি, বেশিরভাগ খেতে এখনও ধান কাটা হয়নি। তাই একটু সময় লাগছে। সপ্তাহ দুয়েকের মধ্যে ধানক্রয় কেন্দ্রগুলিতে পুরোদমে কেনা শুরু হয়ে যাবে। 
Advertisement
এদিন বাহিন গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর ধানক্রয় কেন্দ্রের কর্মী জাহির আলি বলেন, সবেমাত্র ধান কাটা শুরু হয়েছে। সেজন্য কেন্দ্রে আসতে দেরি হচ্ছে। আমরা কেনার সময় ময়েশ্চার পরিমাপক যন্ত্রে পরীক্ষা করে দেখে নিচ্ছি।  সেইমতো নির্ধারণ হচ্ছে চাষি কত পরিমাণ ধানের টাকা পাবেন। এই মরশুমে জেলায় ২ লাখ হেক্টরের বেশি জমিতে ধান চাষ হয়েছে। তবে ধান যে খুব দ্রুত ক্রয়কেন্দ্রে আসবে, এখনই বলা যাচ্ছে না। কারণ তার আগে ঝাড়াই,বাছাইয়ের প্রয়োজন। উত্তর দিনাজপুর রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিত কুমার কুন্ডু বলেন, এবারও খাদ্য দপ্তরের সঙ্গে যৌথভাবে রাইস মিলগুলি ধান কেনায় অংশ নিয়েছে। আমাদের সংগ্রহ করা ১০০ কেজি ধান থেকে ৬৮ কেজি চাল খাদ্য দপ্তরকে বুঝিয়ে দিতে হবে। সেইমতো আমরা ক্রয় প্রক্রিয়া শুরু করে দিয়েছি। সুষ্ঠুভাবেই চলছে গোটা বিষয়টি।
এ প্রসঙ্গে জেলার খাদ্য নিয়ামক সঞ্জীব হালদার বলেন, চলতি মাসের ২ তারিখ ধান কেনা শুরু হলেও বিক্রি করতে আসা চাষির সংখ্যা নগণ্য। তবে এই জেলায় ধান চাষ যেহেতু ভালো হয়েছে, আশা করছি সপ্তাহ দুয়েক বাদে কৃষকদের ভিড় জমবে জেলার ২৯টি ধান ক্রয়কেন্দ্রে। 
সম্পর্কিত সংবাদ