Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধান বিক্রি বন্ধে ভোগান্তি, পথ অবরোধ কৃষকদের

ধান বিক্রি বন্ধে ভোগান্তি, পথ অবরোধ কৃষকদের
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: ধান বিক্রি করতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কৃষকরা। সেই ক্ষোভে শনিবার সকালে হলদিবাড়ি শহরের ট্রাফিক মোড় অবরোধ করেন কৃষকরা। ফলে যানজট বেঁধে যায়। পরে হলদিবাড়ি থানার পুলিস এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন চাষিরা। 
Advertisement
গত মঙ্গলবার রাতে পরিবহণ দপ্তরের তরফে ওভারলোডিং সহ ভিন জেলার ধান পাঠানোর অভিযোগে শস্যবোঝাই ট্রাক আটকে জরিমানা করা হয়। এরপর ট্রাকটিকে হলদিবাড়ি থানার পুলিসের হেফাজতে রেখে দেয় পরিবহণ দপ্তর। ট্রাকচালক জরিমানা দিতে গেলেও তা পরিবহণ দপ্তর নেয়নি বলে অভিযোগ। শুক্রবার হলদিবাড়ি থানা, খাদ্য সরবরাহ ও বিডিওর দারস্থ হয় হলদিবাড়ির ধান ব্যবসায়ী সমিতি। তারপরও ট্রাকটি ছাড়েননি পরিবহণ দপ্তর। বাধ্য হয়ে ব্লকজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধান কেনাবেচা বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
এদিন মাজেদুল ইসলাম এবং বিক্রম রায় নামে দুই কৃষক বলেন, হলদিবাড়িতে ধান বিক্রি করতে এসেছি। কিন্তু ব্যবসায়ীরা ধান কিনছেন না। ফলে আমরা সমস্যায় পড়েছি। তাই এদিন আমরা পথ অবরোধ করতে বাধ্য হই। আমরা চাই, দ্রুত ধান ব্যবসায়ীদের সমস্যা সমাধান করুক প্রশাসন।
এবিষয়ে ব্লকের ধান ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আলিউল ইসলাম জানান, ধান কিনে যদি বাইরে পাঠাতে না পারি, তাহলে ধান কিনে আমরা করব কী? তাই আমাদের তরফে অনির্দিষ্টকালের জন্য ধান কেনা বন্ধ করা হয়েছিল। এদিন বিকেলে হলদিবাড়ি থানায় পরিবহণ দপ্তর ও জেলা নিয়ন্ত্রক খাদ্য ও সরবরাহ বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বাজেয়াপ্ত করা ধান ছেড়ে দেবে বলে জানিয়েছে। তাই রবিবার থেকে আবার নতুন করে ধান কেনা শুরু করব। 
সম্পর্কিত সংবাদ