Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঢালাইয়ের ২৪ ঘণ্টাও কাটেনি, ফেটে চৌচির রাস্তা, তীব্র ক্ষোভ

ঢালাইয়ের ২৪ ঘণ্টাও কাটেনি, ফেটে চৌচির রাস্তা, তীব্র ক্ষোভ
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: দুপুরে ঢালাই হওয়া রাস্তায় পরের দিন সকালেই ফেটে চৌচির। আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। অভিযোগ তুললেন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের। সেই সঙ্গে ওই রাস্তা আবার নতুন ভাবে নির্মাণ করার দাবিতে সরব হলেন তাঁরা। মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মানিকনগরে শনিবার দুপুরে প্রায় ১০০ মিটার রাস্তা ঢালাই করা হয়। রবিবার সকালেই সেই রাস্তায় একাধিক জায়গায় ফাটল লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দা সায়েম শেখ বলেন, রাস্তার কিছু অংশ ঠিকঠাক থাকলেও বাকি অংশের নির্মাণ কাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। সেই কারণে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। 
Advertisement
মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় তিন লক্ষ টাকা খরচে মানিকনগর গ্রামে নতুন কংক্রিটের ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল। শনিবার দুপুরে নির্মাণ কাজ শেষ হয়ে যায়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন নতুন ঢালাই রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এরপর তাঁরা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। বাসিন্দারা ওই রাস্তা ফের নতুন করে ঢালাই করার দাবি জানান। 
এবিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোনও আপস করা হবে না। নিয়ম এবং সিডিউল মেনে রাস্তার কাজ হয়েছে কিনা তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তবে এই বিষয়ে ঠিকাদার সংস্থার সাফাই, রাস্তার ঢালাইয়ের কাজে কোনও রকম গাফিলতি ছিল না। আর কোনও নিম্নমানের কাঁচা মাল ব্যবহার করা হয়নি। ঢালাইয়ের পর হঠাৎ চড়া রোদ ওঠায় এই সমস্যা দেখা দিয়েছে। এবিষয়ে তৃণমূলের মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক সভাপতি গোলাম মহম্মদ আকবরী বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে ফোন করেছিলাম। রাস্তাটি পরিদর্শন করার পর অভিযোগ প্রমাণিত হলে ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ