সংবাদদাতা, মালদহ: নতুন শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত বাড়ছে পড়ুয়াদের মূল্যায়ন পর্বের সংখ্যা। তিনবারের পরিবর্তে নয়দফায় চলবে এই মূল্যায়ন পর্ব। পঠন পাঠনের পাশাপাশি খুদে পড়ুয়াদের ব্যক্তিত্ব বিকাশ এবং জীবনশৈলীর বিভিন্ন দিক বিবেচিত হবে এই মূল্যায়ন প্রক্রিয়ায়। সামগ্রিক মান নিরূপক এই প্রক্রিয়া সম্বন্ধে অবগত করতে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল মালদহে। বৃহস্পতিবার মালদহ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন বাসন্তী বর্মন, দুই বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক ও মাধ্যমিক) সুজিত সামন্ত ও বাণীব্রত দাস ছাড়াও বিভিন্ন স্তরের পরিদর্শকরা অংশ নেন।
Advertisement
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন বাসন্তী বলেন, খুদে পড়ুয়াদের মেধার পাশাপাশি তাঁদের চরিত্র, ব্যক্তিত্ব, জীবনশৈলী ও সৃষ্টিশীলতার ইতিবাচক বিকাশের লক্ষ্যেই এই সামগ্রিক (হোলিস্টিক) মূল্যায়ন পত্র চালু হচ্ছে রাজ্যজুড়ে। মালদহের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বিষয়টি নিয়ে অবগত করতেই এদিনের এই কর্মশালা। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গিয়েছে, এতদিন একই শিক্ষাবর্ষে তিন দফায় মূল্যায়ন হলেও এবার থেকে নয় দফায় মূল্যায়ন করা হবে। প্রতিমাসে প্রতিটি বিষয়ের ওপর একটি করে ফরমেটিভ ইভালুয়েশন করা হবে। প্রতি মাসের তৃতীয় সপ্তাহে এই মূল্যায়ন হবে। এবং চতুর্থ সপ্তাহে হবে রিমিডিয়াল টেস্ট। উল্লেখ্য, মালদহে ৩১টি সার্কেলের অধীনে মোট ১ হাজার ৯৪২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মোট শিক্ষার্থী রয়েছে ৩ লক্ষ ৫৪ হাজার। শিক্ষক শিক্ষা রয়েছেন ১০ হাজার ৯১২জন।



