নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এলাকায় ও বাড়িতে ঢিল ছোড়ার প্রতিবাদ করায় প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন এক দম্পতি ও তাঁর ছেলে। রবিবার রাতে ঘটনাটি ঘটে অম্বিকানগর সংলগ্ন মাইকেল মধুসূদন কলোনিতে।
Advertisement
ঘটনার রাতে দীনেশ বর্মন বাড়ির ছাদে ওঠেন। সেইসময় প্রতিবেশী দুই যুবক তাঁদের ছাদে ঢিল ছোড়ে। ঘটনার প্রতিবাদ করায় ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুই যুবক সহ পরিবারের সদস্যরা। বেধড়ক মারধর করা হয় দীনেশ বর্মন সহ স্ত্রী কৃপা বর্মন ও ছেলে বিনয় বর্মনকে। বাড়িতেও একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়। কোনওমতে প্রাণ বাঁচাতে ঘরের দরজা বন্ধ করে পুলিসে খবর দেন দীনেশ। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন দীনেশ বর্মন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



