সংবাদদাতা, কাঁথি: দীঘার সমুদ্রে স্নানে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে হুগলি জেলার ধনিয়াখালির এক যুবকের। সোমবার বিকেলে স্নানে নেমে নিখোঁজ হয়ে যান ধনেখালি থানার বোসো গ্রামের বাসিন্দা স্বপন মালিক(২৬)। মঙ্গলবার দুপুরে দীঘার জগন্নাথ ঘাটের কাছে তাঁর দেহটি ভেসে আসে। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।
জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থার কর্মী স্বপন গত শনিবার দীঘায় আসেন। স্বপনের মামা তপন সানা দীঘায় ব্যবসা করেন। স্থানীয় উত্তর খাদালগোবরা গ্রামে বসবাস করেন। তপনবাবুর ছোট ছেলের জন্মদিন উপলক্ষ্যে মাকে নিয়ে দীঘায় এসেছিলেন স্বপন। তারপর সোমবার বিকেলে স্বপন সহ তাঁর মামা, মা এবং স্বপনের এক বন্ধু সমুদ্রে স্নান করতে নামেন। সিহক ঘোলা ঘাটের কাছে সমুদ্রে জলের স্রোতের বেশি রয়েছে। বর্ষাকাল হওয়ায় সমুদ্র স্বাভাবিকভাবেই উত্তাল রয়েছে। স্নানের সময় ঢেউয়ের তোড়ে তলিয়ে যান স্বপন ও তাঁর বন্ধু। কর্তব্যরত নুলিয়ারা ঘটনাটি দেখে বন্ধুকে কোনওরকমে উদ্ধার করলেও স্বপন তলিয়ে নিখোঁজ হয়ে যান। নিখোঁজ স্বপনের খোঁজে জোরদার তল্লাশি চালান নুলিয়া ও পুলিসের উদ্ধারকারী দল। রাত পর্যন্ত খোঁজ চললেও দেহ মেলেনি। এদিন দেহটি উদ্ধার হয়। দেহ শনাক্ত করেন পরিবারের লোকজন। দীঘা কোস্টাল থানার ওসি প্রবীর সাহা বলেন, শুধু সিহক ঘোলা ঘাট নয়, সর্বত্রই পুলিসি নজরদারি থাকে। যেখানে স্নান করতে নামলে বিপদ হতে পারে সেখানে পুলিসকর্মী ও নুলিয়ারা নজরদারি চালান। পর্যটকদের সতর্ক করা হয়। তা সত্ত্বেও কেউ কেউ স্নানে নেমে বেপরোয়া হয়ে ওঠেন এবং বিপদ ডেকে আনেন। ঘটনার পর সি-হক ঘোলা ঘাটে স্নানের ক্ষেত্রে নজরদারি কড়াকড়ি করা হয়েছে।