নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দীর্ঘদিন ধরে চলছে রাস্তা সংস্কারের কাজ চলায় ধুলোয় ভরে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। নাজেহাল সাধারণ মানুষ। দুর্ঘটনাও ঘটছে নিত্যদিন। অবশেষে মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার প্রায় ৭ কিলোমিটার রাস্তা দ্রুত সংস্কারের নির্দেশ দিল জেলা প্রশাসন। ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, মেদিনীপুর আনন্দনগর-চাঁদড়া-ধেড়ুয়া রাস্তাটি মেদিনীপুর হাইওয়ে ডিভিশনের আওতায়। রাস্তাটি সংস্কারে খরচ হচ্ছে ৩০ কোটি টাকার বেশি। সাধারণের সুবিধার্থে রাস্তাটি চওড়া করা হচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে চলছে কাজ। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, মানুষের সুবিধার্থে রাস্তা সংস্কার হচ্ছে। দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তাটি সংস্কার হলে উপকৃত হবেন পর্যটকরাও।
Advertisement
প্রসঙ্গত, মেদিনীপুর শহর থেকে রাঙামাটি হয়ে ঝাড়গ্রাম যাওয়ার ধেড়ুয়া রোডটি খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে অল্প সময়ের মধ্যে ঝাড়গ্রাম পৌঁছনো যায়। শীতের মরশুমে পর্যটকরা এই রাস্তা ব্যবহার করেন। একইসঙ্গে কয়েক হাজার গ্রামবাসী এই রাস্তার উপর নির্ভরশীল। সারা দিনে বিপুল সংখ্যক বাস, বাইক, টোটো, গাড়ি এই রাস্তা দিয়েই যাতায়াত করে। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার মানুষ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে এই রাস্তা ব্যবহার করে থাকেন। জানা গিয়েছে, মেদিনীপুর-আনন্দনগর-চাঁদড়া-ধেড়ুয়া রাস্তাটির সংস্কারের অনুমোদন মেলে ২০২৩ সালের জুলাই মাসে। কিন্তু কচ্ছপের গতিতে কাজ হওয়ায় দীর্ঘদিন কেটে গেলেও তা সম্পূর্ণ হয়নি। যার জন্য ক্ষুব্ধ সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। স্থানীয় এক বাসিন্দা বলেন, বহুদিন ধরে চলছে রাস্তার কাজ। পুরনো পিচের রাস্তা খুঁড়ে সংস্কারের কাজ চলছে। এরফলে যাতায়াতে প্রচণ্ড সমস্যা হচ্ছে। সাইকেল পর্যন্ত চালানো যাচ্ছে না। অপরদিকে ধেড়ুয়া এলাকার রাস্তার অবস্থাও খুবই খারাপ। এরফলে ঝাড়গ্রাম যেতে খুবই সমস্যায় পড়তে হয়। অস্বাভাবিক ধুলোর জেরে যাতায়াত করা দুর্বিসহ হয়ে উঠছে। চাঁদড়া এলাকার বাসিন্দা গোপাল মল্লিক বলেন, মেদিনীপুর যেতে খুবই সমস্যা হচ্ছে। কাজ কবে শেষ হবে তা কেউ জানে না। অপরদিকে ঝাড়গ্রাম যেতেও রাস্তার অবস্থা খারাপ। রাস্তা সংস্কার করতে এত সময় লাগে জানা ছিল না। তবে শুনছি সামনের মাসের মধ্যে কাজ শেষ হবে। এই কাজ শেষ হলে মানুষ খুবই উপকার পাবে।



