সংবাদদাতা, কাঁথি: পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে দীঘার সৈকতে এই প্রথম বসন্ত উৎসব হতে চলেছে। সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা হয়। উৎসবের লোগো ও ব্যানার আগেই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪মার্চ দোল উৎসবের সকালে অনুষ্ঠান শুরু হবে। নিউ দীঘার জাহাজবাড়ি ঘাটে দিনভর রঙের উৎসব চলবে। প্রভাতফেরি, সমাজের প্রান্তিক মানুষকে সম্মান, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি হবে। পর্যটকদের বিনোদনের জন্য সন্ধ্যায় কলকাতা ও মুম্বইয়ের শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। আয়োজকরা জানান, সৈকতে এই বসন্ত উৎসব দীঘার পর্যটন বিকাশে একটি বড় পদক্ষেপ। এদিন সাংবাদিক সম্মেলনে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জন মহাপাত্র, সহ-সভাপতি জাহাঙ্গির বাদশা, নরেশচন্দ্র দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। উৎসব কমিটির সভাপতি প্রণব মিশ্র বলেন, পর্যটকদের আনন্দ দিতে এই উৎসব আয়োজিত হয়েছে। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ রয়েছে।



