Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘার জগন্নাথ ধাম পরিদর্শন পুরী মন্দিরের মুখ্য সেবায়েতের

দীঘার জগন্নাথ ধাম পরিদর্শন পুরী মন্দিরের মুখ্য সেবায়েতের
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: দীঘার বহু প্রতীক্ষিত জগন্নাথ ধামের উদ্বোধন আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে। শুক্রবার জগন্নাথ ধাম পরিদর্শনে এলেন পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য সেবায়েত রাজেশ দৈতাপতি। সঙ্গে ছিলেন রামনগরের বিধায়ক, জেলাশাসক পূর্ণেন্দু মাজী সহ প্রশাসনের আধিকারিকরা। এদিন তাঁরা পাশাপাশি মাসির বাড়ি অর্থাৎ আদি জগন্নাথ মন্দিরও পরিদর্শন করেন। আদি জগন্নাথ মন্দির সংস্কার ও ঢেলে সাজার কাজের জন্য সম্প্রতি রাজ্য সরকার ৭৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে। কাজ হবে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার (ডিএসডিএ) তত্ত্বাবধানে। ওই মন্দির সংস্কারের পাশাপাশি প্রবেশদ্বার, সমুদ্রে নামার ঘাট নির্মাণ ও সৌন্দর্যায়নের কাজ হবে। নতুন একটি মন্দির তৈরি হবে। যদিও এর আগে মাসির বাড়ির যাত্রাপথে গেট নির্মাণের কাজ শুরু হয়েছে। রাস্তাও সম্প্রসারণ করা হয়েছে। জগন্নাথ ধাম সর্বসাধারণের জন্য খুলে গেলে সেখানেই ধুমধাম সহকারে পালিত হবে রথযাত্রা। জগন্নাথ ধাম থেকে পৃথক তিনটি রথে চেপে মাসির বাড়ি অর্থাৎ পুরনো জগন্নাথ মন্দিরে আসবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। উল্টোরথ পর্যন্ত সেই মন্দিরে থাকবেন ত্রিমূর্তি। শুক্রবার পুরনো জগন্নাথ মন্দিরের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেন জেলাশাসক, রাজেশ দৈতাপতি সহ অন্যান্যরা। কবে থেকে কাজ হবে, কীভাবে হবে তার রূপরেখা নিয়ে আলোচনা করেন জেলাশাসক সহ অন্যান্যরা। ডিএসডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ