Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘার হোটেলে আসানসোলের যুবতীর মৃত্যুর ঘটনায় স্বামী ধৃত

দীঘার হোটেলে আসানসোলের যুবতীর মৃত্যুর ঘটনায় স্বামী ধৃত
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: মঙ্গলবার বর্ষবরণের রাতে দীঘার হোটেলে পশ্চিম বর্ধমানের আসানসোলের যুবতীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃতার স্বামীকে গ্রেপ্তার করল পুলিস। ধৃত আসানসোলের হীরাপুর থানার বিপিএল কলোনির বাসিন্দা প্রতাপ ঠাকুরকে বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে স্ত্রীকে অতিরিক্ত পণের দাবিতে অত্যাচার ও খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আটদিন পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। দীঘা থানার পুলিস প্রতাপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।  গত ৩০ডিসেম্বর আর এক দম্পতির সঙ্গে দীঘায় বেড়াতে এসেছিলেন প্রতাপ ও প্রীতি কাউর(১৯)। মঙ্গলবার গভীর রাতে নিউ দীঘার ওই হোটেলের রুমে প্রীতিকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তাঁর গলায় ফাঁস লাগানোর দাগ ছিল। দ্রুত উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে ওই যুবতী আত্মঘাতী হয়েছেন বলে পুলিস প্রাথমিক তদন্তের পর জানায়। ঘটনার পর মৃতার বাপেরবাড়ির লোকজন বুধবার বিকেলে দীঘায় আসেন। প্রীতির দাদা বলবিন্দর সিং কাউর রাতে প্রতাপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে স্বামীকে গ্রেপ্তার করে। বলবিন্দরের কথায়, বিয়ের পর থেকেই বোনের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। তাকে খুন করা হয়েছে। পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছি। উল্লেখ্য, সাত মাস আগে প্রতাপের সঙ্গে বিয়ে হয়েছিল প্রীতির। প্রীতির বাপেরবাড়ি আসানসোলের হীরাপুরের নিউটাউনের গোপালপুর এলাকায়। নিউটাউন এলাকায় প্রতাপের একটি সেলুন রয়েছে। প্রতাপ পুলিসকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল। তিনি রাগ করে কিছুক্ষণ হোটেলের রুম থেকে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। পরে গভীর রাতে ফিরে দেখেন, বিছানায় প্রীতি অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন। ডাকাডাকিতে সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন। হোটেলকর্মীরা এসে ঘটনাটি দেখার পর কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানায়। ডিএসপি(ডিঅ্যান্ডটি) আবু নুর হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। আমরা ধৃত স্বামীকে জেরা করে ঘটনা সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছি। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ