সংবাদদাতা, মেদিনীপুর: দীঘা যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হল। মঙ্গলবার দুপুরে খড়্গপুর গ্রামীণ এলাকার খাটরাঙার কাছে ওই দুর্ঘটনা ঘটে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই যুবক মোটরবাইকে করে বাঁকুড়ার দিক থেকে দীঘার দিকে যাচ্ছিলেন। খাটরাঙার কাছে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি খুঁটিতে ধাক্কা মারে। দু’জনেই ছিটকে রাস্তায় পড়ে যান। খড়্গপুর লোকাল থানার পুলিস তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ, বুধবার মৃতদেহ ময়নাতদন্ত করা হবে।



