সংবাদদাতা, কাঁথি: পর্যটনের মরশুমে সৈকতশহর দীঘায় হকার উচ্ছেদে জোরদার অভিযান শুরু করেছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা(ডিএসডিএ)। শুক্রবার বিকেলে ওল্ড দীঘার সৈকতসরণির রাস্তায় বেআইনিভাবে পসরা সাজিয়ে বসা বেশকিছু অস্থায়ী হকার বা দোকানদারকে সরিয়ে জায়গা দখলমুক্ত করা হয়। উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীরা পুলিস-প্রশাসনের কর্মী-আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, কোনও নোটিস ছাড়াই উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। আগামী কয়েকদিনও এই অভিযান চলবে বলে উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। দীঘা সেজে ওঠায় পর্যটক সমাগম বাড়ছে। জগন্নাথধাম নিয়ে পর্যটকদের আগ্রহের শেষ নেই। জগন্নাথধাম উদ্বোধন হলে আগামী দিনে ভিড় আরও বাড়বে।



