সংবাদদাতা, কাঁথি: রবিবার সকালে দীঘার বাইপাস এলাকায় গাছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে বাইপাসের ধারে বিলামুড়িয়া এলাকায় একটি গাছের ডালে দড়ির ফাঁসে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয় লোকজন। পা’দুটি মাটির সঙ্গে লেগেছিল বলে তাঁদের বক্তব্য। তাঁকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ বছর। তিনি স্থানীয় বাসিন্দা নন বলে পুলিসকে জানিয়েছে এলাকার লোকজন। পুলিস জানিয়েছে, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। মুখমণ্ডলের ছবি সহ বিবরণ আশপাশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা অপূর্ব আচার্য বলেন, খুন নাকি আত্মহত্যা বুঝতে পারছি না।



