সংবাদদাতা, কাঁথি: নতুন বছরের শুরুতে দীঘায় তিনদিনের মিষ্টি উৎসবের সূচনা হল। মঙ্গলবার ‘দীঘাশ্রী’ কনভেনশন সেন্টারে মিষ্টি উৎসবের উদ্বোধন করেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির ২৪তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন এবং ৫০বছর পূর্তি উপলক্ষ্যে মিষ্টি উৎসবের আয়োজন করা হয়েছে। এর আগে নবান্নে মিষ্টি উৎসবের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ছ’হাজার মিষ্টি ব্যবসায়ী উৎসবে অংশগ্রহণ করেছেন। এই উৎসব থেকেই দীঘায় মিষ্টি হাব তৈরির দাবি তোলেন ব্যবসায়ীরা। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী, রামনগর-১ বিডিও পূজা দেবনাথ প্রমুখ।মানসবাবু বলেন, বাংলার মিষ্টি শুধু ভারতে নয়, গোটা পৃথিবীতে বিখ্যাত। এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টি হাব তৈরির জন্য জমি দিয়েছেন। মিষ্টি ব্যবসায়ীরা আমাদের কাছে দাবি করেছেন, দীঘায় একটি মিষ্টি হাব গড়া হোক। আমরা কাগজপত্র নিলাম। মুখ্যমন্ত্রীর কাছে দাবি পৌঁছে দেব। মুখ্যমন্ত্রীর মিষ্টি ব্যবসায়ীদের দিকে নজর রয়েছে। মিষ্টি শিল্পের উন্নয়নে মুখ্যমন্ত্রী ইতিপূর্বে নানা উদ্যোগ নিয়েছেন।



