Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় মধুচক্রের আসর, বাড়ির মালিক সহ ধৃত ৪

দীঘায় মধুচক্রের আসর, বাড়ির মালিক সহ ধৃত ৪
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: সৈকতশহর দীঘায় মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিস। নিউ দীঘার চাঁপাবনি এলাকায় একটি বাড়িতে মধুচক্রের আসর চলত। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বাড়ির মালিক সহ চারজনকে গ্রেপ্তার করেছে দীঘা থানার পুলিস। সেখান থেকে আটজন যুবতীকে উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত বাড়ি মালিকের নাম ব্যোমকেশ পাত্র। তার বাড়ি রামনগর থানার পিছাবনির উত্তর শীতলা এলাকায়। ধৃত কাঁথির পূর্ব চন্দনপুরের দীপঙ্কর পয়ড়্যা এজেন্ট হিসেবে কাজ করত। ধৃত বাকি দু’জন নদীয়ার নবদ্বীপের চরমাজদিয়া ও হাওড়ার শ্যামপুরের বাসিন্দা। উদ্ধার হওয়া যুবতীদের বাড়ি কলকাতা সহ বিভিন্ন জেলায়। তারা দিনেরবেলা দীঘার বিভিন্ন ‘স্পা’ সেন্টারে কাজ করত আর রাতে দেহব্যবসার সঙ্গে যুক্ত থাকত। 
Advertisement
শুক্রবার ১২জনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক বাড়ির মালিককে সাতদিন পুলিসি হেফাজতের ও বাকিদের ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, যুবতীদের হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। 
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যোমকেশ দীঘার একটি হোটেলে ম্যানেজারের কাজ করে। সে দীঘার বাইপাসের কাছে চাঁপাবনির এলাকায় জায়গা কিনে সেখানেই ওই দোতলা বাড়িটি তৈরি করেছিল। সেখানে পরিবার নিয়ে বসবাস করত ব্যোমকেশ। পাশাপাশি পর্যটকদের জন্যও একাংশ ভাড়া দিত। ওই বাড়িতেই বেশ কিছুদিন ধরে রমরমিয়ে দেহ ব্যবসা চলছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, এখান থেকে মন্দারমণি সহ অন্যান্য পর্যটন কেন্দ্রের হোটেল-লজে যুবতীদের সরবরাহ করা হতো বলে পুলিস জানতে পারে। পুলিস অভিযানে নামে। বৃহস্পতিবার রাতে বাড়িটি ঘিরে তল্লাশি শুরু করা হয়। অভিযান শেষে বাড়িটি সিল করে দেওয়া হয়। উপকূলের থানাগুলির দায়িত্বপ্রাপ্ত ডিএসপি(ডিঅ্যান্ডটি) আবু নুর হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। সৈকতশহরে নানা বেআইনি কাজকর্মের বিরুদ্ধে লাগাতার পুলিসি অভিযান জারি থাকবে। ঘটনার প্রেক্ষিতে নজরদারি আরও  বাড়ানো হচ্ছে।
সম্পর্কিত সংবাদ