Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় জগন্নাথধামের সামনে গড়ে তোলা হবে ‘নেচার পার্ক’

দীঘায় জগন্নাথধামের সামনে গড়ে তোলা হবে ‘নেচার পার্ক’
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: দীঘার জগন্নাথধামের সামনে বনাঞ্চলের মধ্যে ‘নেচার পার্ক’ গড়ে তুলবে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা। পরিকল্পনা রূপায়ণের লক্ষ্যে শুক্রবার প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী, উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য সহ সংস্থার অন্যান্য কর্তারা এবং এগজিকিউটিভ ইঞ্জিনিয়াররা। নেচার পার্ক শুধু নয়, জগন্নাথ মন্দিরের উল্টো দিকে নয়ানজুলির উপর সৌন্দর্যায়নের কাজ করবে পূর্তদপ্তর। আগামী দু’-এক মাসের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা। তার আগে এই দু’টি কাজ হবে। এর ফলে জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা সৌন্দর্যায়নের ক্ষেত্রে যে এক আলাদা মাত্রা নেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। 
Advertisement
নেচার পার্কটি বনদপ্তরের সহায়তায় গড়ে তোলা হবে। বনাঞ্চলের মধ্য দিয়ে রাস্তা থাকবে। প্রকৃতির শোভা উপভোগ করতে করতে হেঁটে এগিয়ে যেতে পারবেন পর্যটকরা। বনাঞ্চলের মধ্যে একাধিক জলাশয়ও তৈরি করা হচ্ছে। যাতে পাখিরা জলাশয় সংলগ্ন গাছে এসে ভিড় করতে পারে। সেখানে বসে যাতে প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে পারেন পর্যটকরা, তারজন্য বেশকিছু কংক্রিটের বসার জায়গাও তৈরি করা হচ্ছে। এছাড়া নেচার পার্কের মধ্যে প্রাণী-উদ্ভিদের মডেল থাকবে।  
জগন্নাথ মন্দিরের সামনে রাস্তার ধারে নয়ানজুলি রয়েছে। নয়ানজুলিকে অপরিবর্তিত রেখেই সৌন্দর্যায়নের কাজ হবে। সেখানে আলোর ব্যবস্থা করা হবে। পর্যটকদের বসার জন্য আসন থাকবে। এর ফলে জগন্নাথধামের সামনের ওই অংশ আকর্ষণীয় হয়ে উঠবে। উল্লেখ্য, বর্তমানে জগন্নাথধামের শেষ পর্যায়ের কাজ জোরকদমে চলছে। পূর্তদপ্তর জগন্নাথ মন্দিরের সামনে থেকে মাসির বাড়ি(পুরনো জগন্নাথ মন্দির) পর্যন্ত রাস্তা সম্প্রসারণ করছে। রাস্তার দু’দিকে পেভার ব্লক বসানোর কাজ চলছে। এবার বাকি কাজগুলি হবে। উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বলেন, কাজ শুরুর লক্ষ্যে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করা হল। ধাপে ধাপে কাজ হবে।
সম্পর্কিত সংবাদ