Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় জগন্নাথ মন্দির: মুখ্যমন্ত্রীর সফর ঘিরে উৎসাহ তুঙ্গে

দীঘায় জগন্নাথ মন্দির: মুখ্যমন্ত্রীর সফর ঘিরে উৎসাহ তুঙ্গে
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক ও সংবাদদাতা, কাঁথি: জগন্নাথ মন্দির তৈরির কাজ দেখতে আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনদিনের দীঘা সফরে আসছেন। দুপুর দেড়টা নাগাদ নিউ দীঘায় হেলিপ্যাড ময়দানে মুখ্যমন্ত্রীর কপ্টার নামার কথা। তাঁর এই সফর ঘিরে সেজে উঠেছে দীঘা, মন্দারমণি। বাইরের জেলা থেকে প্রচুর ফোর্স পৌঁছে গিয়েছে। জগন্নাথধাম তৈরির কাজ প্রায় শেষের পথে। মুখ্যমন্ত্রী নিজে ওই কাজ দেখবেন বলে আগাম ঘোষণা করেছিলেন।
Advertisement
মুখ্যমন্ত্রীর এই সফরে জগন্নাথধাম ভিজিট ছাড়া অন্য কোনও কর্মসূচি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। সাধারণত, মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সিকিউরিটি পাস ইস্যু করা হয়। সেরকম কোনও পাস এবার দেওয়া হয়নি। তাই প্রশাসনিক রিভিউ মিটিং কিংবা সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মতো কোনও কর্মসূচি থাকছে না বলে খবর। যদিও জেলা প্রশাসন সবরকমভাবে প্রস্তুত থাকছে। হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী আসবেন। দীঘা ছাড়াও কাঁথি এবং চণ্ডীপুরে হেলিপ্যাড বানানো হয়েছে। সোমবার চণ্ডীপুর থানা সংলগ্ন ময়দানের উপর হেলিকপ্টার চক্কর মারে। যদিও নীচে নামেনি।
সোমবার দুপুরে নিউ দীঘায় হেলিপ্যাড ময়দানে দফায় দফায় ট্রায়াল রান হয়। সেখানে ডিএসপি(ডিঅ্যান্ডটি) আবু নুর হোসেন সহ পুলিস-প্রশাসনের আধিকারিকরা ছিলেন। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সৈকতশহর। সোমবার থেকেই অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে দীঘায়। পাশাপাশি নজরদারি জোরদার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে দীঘা সেজে রয়েছে। গত কয়েকদিনে সৈকতশহরে খোলনলচে বদলে গিয়েছে। সৈকত থেকে রাস্তাঘাট, প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতার ছোঁয়া লেগেছে।  
মুখ্যমন্ত্রী মন্দারমণি যেতে পারেন বলে বিভিন্ন মহলে কানাঘুষো চলছে। ওই পর্যটন কেন্দ্রের উদ্ভুত সমস্যা নিয়ে হোটেল-লজ মালিকদের নিয়ে বৈঠক করতে পারেন বলে জল্পনা। 
সম্পর্কিত সংবাদ