সংবাদদাতা, কাঁথি: দোকানঘর তৈরি ঘিরে সোমবার সৈকতশহর দীঘার ক্ষণিকা মার্কেটে উত্তেজনা ছড়ায়। নির্মীয়মাণ দোকানের একাংশ ভাঙচুর, পুলিসের সঙ্গে ব্যবসায়ীদের বচসা ও পুলিসকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত পুলিস পরিস্থিতি আয়ত্তে আনে।
Advertisement
নিউ দীঘার ক্ষণিকা মার্কেটের ব্যবসায়ী ডলি দাস মহাপাত্রের স্বামী জগদীশ দাস মহাপাত্র একটি দোকানঘর তৈরি করছিলেন। স্থানীয় দোকানদাররা নিউ দীঘা ব্যবসায়ী সমিতির কাছে অভিযোগ জানিয়েছিলেন যে, ওই ব্যক্তি বেআইনিভাবে দোকানঘর তৈরি করছেন। এতে তাঁদের অসুবিধা হবে। ব্যবসায়ী সমিতির কর্তারাও জগদীশবাবুকে দোকানঘরটি তৈরি করতে বারণ করেছিলেন। এদিন সকালে ডলিদেবী ও তাঁর স্বামী কর্মীদের নিয়ে দোকানঘর তৈরির কাজ করলে স্থানীয় ব্যবসায়ীরা ওই কাজ বন্ধ রাখতে বলেন। তখনই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। এনিয়ে উত্তেজনা ছড়ালে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার কর্মীরাও সেখানে পৌঁছন। পুলিসের সঙ্গে ব্যবসায়ীদের একপ্রস্থ বচসা হয়। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। নির্মীয়মাণ দোকানে ভাঙচুর ও সেখানে বিভিন্ন জিনিসপত্র ডাঁই করে আগুন লাগানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস।দীঘা থানার ওসি অভিজিৎ পাত্র বলেন, দোকান তৈরি নিয়ে নিউ দীঘায় উত্তেজনা ছড়িয়েছিল। পুলিস এলাকায় গিয়ে পরিস্থিতি আয়ত্তে এনেছে। সমস্ত পক্ষকে নিয়ে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।



