Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় দোকান ভাঙচুরে তৃণমৃল প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ

দীঘায় দোকান ভাঙচুরে তৃণমৃল প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: সম্প্রতি দীঘায় দোকান ভাঙচুর ও গণ্ডগোলের ঘটনার নতুন মোড় নিল। এই ঘটনায় সংশ্লিষ্ট পদিমা-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অশোক চন্দ সহ সাতজনের বিরুদ্ধে দীঘা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত এক দোকানদার দম্পতি। পুলিস জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় তৃণমূলের প্রধানের নাম জড়িয়ে যাওয়ায় এলাকায়  রাজনৈতিক চর্চা তুঙ্গে।  
Advertisement
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর নিউ দীঘার সৈকতশ্রী মার্কেটে তাঁদের দোকানটি রাস্তার দিকে বাড়াচ্ছিলেন জগদীশ দাস মহাপাত্র ও তাঁর স্ত্রী ডলিরানিদেবী। তাতে সকলের অসুবিধা হওয়ার আশঙ্কা প্রকাশ করে নির্মাণে বাধা দেয় মার্কেট কমিটির একাংশ। সেই সময় পুলিসের সামনেই আক্রান্ত হন ওই দম্পতি। দোকানের নির্মীয়মান অংশ ভাঙচুর করা হয়। দোকান সংলগ্ন রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে দোকান সম্প্রসারণের কাজ বন্ধ করার নির্দেশ দেয় দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা। এই ঘটনায় বুধবার থানায় অভিযোগ দায়ের করেন ডলিরানিদেবী। তাঁর অভিযোগ, দাবিমতো টাকা না দেওয়ায় হামলা চালানো হয়েছে। দোকানপাট ভাঙচুর করেছে। তাতে আমাদের লক্ষাধিক টাকার জিনিসপত্র নষ্ট হয়েছে। আমরা পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছি। 
এই ঘটনায় বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন মাইতি বলেন, দীঘা এলাকায় স্টল বিলিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। অনৈতিকভাবে স্টল বন্টন করা হয়েছে। শাসকদলের অনেক জনপ্রতিনিধি মানুষকে শোষণ করছে। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছি। 
তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। থানায় অভিযোগ দায়ের হওয়ার কথা শুনেছি। দলের তরফে পুলিসকে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছি। 
পঞ্চায়েত প্রধান অশোকবাবু  বলেন, আমি মধ্যস্থতা করে সমস্যা মেটাতে গিয়েছিলাম। চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে। বর্তমানে আমি চিকিৎসার জন্য চেন্নাইয়ে রয়েছি। সেদিন কী ঘটেছে, সেটা সবাই জানেন। নতুন করে কিছু বলার নেই।
সম্পর্কিত সংবাদ