Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় চালু হচ্ছে ‘জায়ান্ট সুইং’, পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দীঘায় চালু হচ্ছে ‘জায়ান্ট সুইং’, পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: সৈকতশহর দীঘায় পর্যটকদের কাছে নতুন আকর্ষণ ‘জায়ান্ট সুইং’। অর্থাৎ সমুদ্রের উপর দোলনায় দোল খেতে খেতে প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন পর্যটকরা। দীঘার ঢেউসাগর পার্কে চালু হচ্ছে এই অ্যাডভেঞ্চার বিনোদন। বেসরকারি উদ্যোগে চালু হওয়া এই অ্যাডভেঞ্চার আইটেমে চড়ার মূল্যও সাধ্যের মধ্যে। মাত্র একশো টাকা। এগুলি মূলত দোলনা। তবে উচ্চতা বেশি হওয়ার ফলে তাতে রোমাঞ্চের স্বাদ রয়েছে। ইন্দোনেশিয়ার বালিতে এবং উত্তরাখণ্ডের হৃষিকেশের পাহাড়ী এলাকায় এই ধরনের জায়ান্ট সুইং রাইড আইটেম রয়েছে। এবার তা চালু হচ্ছে দীঘায়। বর্তমানে এই রাইড আইটেমের ট্রায়াল চলছে। চলতি সপ্তাহেই তা চালু হয়ে যাওয়ার কথা।
Advertisement
তবে এক্ষেত্রে প্রশাসনিক অনুমতি রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কারণ অ্যাডভেঞ্চার রাইডে সৈকতে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। কয়েকবছর আগে মন্দারমণির সৈকতে প্যারাগ্লাইডিং করতে গিয়ে  বিদ্যুতের খুঁটিতে প্যারাশুটের দড়ি জড়িয়ে মৃত্যু হয় এক পর্যটকের। মন্দারমণিতে মাঝসমুদ্রে পর্যটক সমেত একটি স্পিডবোট বিকল হয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণ জলে ভেসে রক্ষা পেয়েছিলেন পাঁচ পর্যটক। প্রশাসন নড়েচড়ে বসেছিল। তারপর কিছুদিন পরে যে কে সেই অবস্থা হয়। প্রশাসনের একটি সূত্রের দাবি, এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস চালু করার ক্ষেত্রে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার (ডিএসডিএ’র) থেকে অনুমতি নিতে হয়। অনুমতি দেওয়ার আগে ‘সেফটি অডিট’ হয়।  
দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, আমরা জেনেছি ঢেউসাগরে আধুনিক দোলনা তৈরি করা হয়েছে। যতদূর জানি, এই ধরনের দোলনা বিপজ্জনক। প্রশাসনের কাছে আমাদের আর্জি, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে যেন দোলনা চালুর অনুমতি দেওয়া হয়। এবিষয়ে ডিএসডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য বলেন, আমি শুনেছি ওটা এখনও চালু হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। ওই সংস্থার তরফে প্রদীপ দাস বলেন, এই ধরনের রাইড আইটেম ক্ষেত্রে প্রশাসনিক অনুমতি নেওয়া হয় না। সংস্থা যে কোনও রাইড আইটেম চালু করার আগে নিরাপত্তা ও সুরক্ষার দিক খতিয়ে দেখে নেয়। তারপরই সেটি চালু করা হয়। সেরকম হলে তো প্রতিটি রাইড আইটেম চালুর আগে প্রশাসনিক অনুমতি নিতে হবে। তবে এটা ঠিক, প্রথমে রাইডগুলি চালু করার জন্য প্রশাসনের কাছ থেকে একবারই অনুমতি নেওয়া হয়েছিল। তারপর একে একে প্রতিটি রাইড আইটেম চালু হচ্ছে।   
সম্পর্কিত সংবাদ