সংবাদদাতা, কাঁথি: দীঘা বেড়াতে আসার পথে বুধবার মারিশদা থানার কালীনগরে বাসের ধাক্কায় কলকাতার বাসিন্দা বাইক আরোহী দুই বন্ধুর মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন বাবাই মণ্ডল (২২) ও আকাশ ঘোড়াই(১৮)। তাঁদের বাড়ি কলকাতার রিজেন্ট পার্ক থানার পূর্ব আনন্দপল্লির দীনেশনগর স্কুলপাড় এলাকায়। দু’জনে রাজমিস্ত্রির কাজ করতেন।
Advertisement
পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধু দীঘা বেড়াতে আসছিলেন। মঙ্গলবার রাত ১২টার পর তাঁরা বাড়ি থেকে বের হন। বুধবার সকাল ৬টা নাগাদ দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। কালীনগরের কাছে মোড় ঘোরার মুখে দীঘা-হাওড়া রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে থাকা বাইকে ধাক্কা মেরে পালায়। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় যানচলাচল ব্যাহত হয়। পুলিস দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। ঘাতক বাসটিকে পুলিস আটক করেছে। থানার ওসি বুদ্ধদেব মাল বলেন, দেহ দু’টি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে।



