Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় বন্ধ পিকনিক স্পটে কটেজ তৈরির পরিকল্পনা

দীঘায় বন্ধ পিকনিক স্পটে কটেজ তৈরির পরিকল্পনা
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: দীঘার ক্ষণিকা ঘাটের কাছে ‘চড়ুইভাতি কমপ্লেক্স’ পিকনিক স্পট চলেনি। সেটি বন্ধ হয়ে পড়ে আছে। সেজন্য ওই জায়গায় নতুন প্রকল্প হাতে নিতে চলেছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা(ডিএসডিএ)। ওই জায়গায় পর্যটকদের জন্য কটেজ গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। কটেজ হলে পর্যটকদের সুবিধার পাশাপাশি উন্নয়ন সংস্থার আয় বাড়বে।
Advertisement
ডিএসডিএ’র প্রশাসনিক অফিস ‘জাহাজবাড়ি’র ঠিক পিছনে থাকা পিকনিক স্পটটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রান্না ও বসে খাওয়ার জন্য ছাউনি, পানীয় জল, শৌচাগার সহ পিকনিকের সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল। কিন্তু এখন সবকিছুই ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে পিকনিক স্পটটি নতুন করে সাজানো বা সেখানে অন্য কোনও প্রকল্প করার দাবি উঠছিল। এবার ডিএসডিএ সেখানে নতুন প্রকল্প গড়তে উদ্যোগী হয়েছে। 
উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস  বলেন, নানা কারণে ওই পিকনিক স্পট চলেনি। তবে সেখানে নতুন একটি পরিকল্পনা নিয়ে কথাবার্তা চলছে। বিষয়টি আলোচনার স্তরে রয়েছে। আমরা আশাবাদী, আগামী দিনে সদর্থক কিছু করতে পারব।
পর্যটক বা ভ্রমণপিপাসু মানুষ যাতে কিছু নির্দিষ্ট জায়গায় পিকনিক করতে পারেন, সেজন্য ডিএসডিএ দীঘার একাধিক জায়গায় পিকনিক স্পট গড়ে তুলেছে। বেশ কয়েক বছর আগে নিউ দীঘার ক্ষণিকা ঘাটে যাওয়ার রাস্তায় বিরাট এলাকাজুড়ে ‘চড়ুইভাতি কমপ্লেক্স’ গড়ে তোলা হয়। পর্যটকদের সুবিধার জন্য কয়েকটি ফাইবারের ছাউনিযুক্ত বারান্দা ও সংযুক্ত রান্নাঘর গড়ে তোলা হয়েছিল। পানীয় জলের ব্যবস্থা করা হয়। গড়ে তোলা হয় একাধিক শৌচাগার। পর্যটকরা নামমাত্র খরচে সেখানে পিকনিক করতে পারতেন। কিন্তু বছর তিনেক আগে ডিএসডিএ’র প্রশাসনিক অফিস তৈরির পর পিছনে থাকা এই পিকনিক স্পট একপ্রকার আড়াল হয়ে যায়। আরও নানা কারণে ধীরে ধীরে এই পিকনিক স্পটের গুরুত্ব কমতে থাকে। একটা সময় পিকনিক স্পটটি পুরোপুরি বন্ধই হয়ে যায়।
সম্প্রতি সেখানে গিয়ে দেখা গেল, ফাইবারের ছাউনি দেওয়া বারান্দা ও রান্নাঘরের ভাঙাচোরা অবস্থা। পানীয় জলের বিভিন্ন ট্যাপকল ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। একটি অফিসঘর ছিল। সেটারও ভাঙাচোরা অবস্থা। সর্বত্র আবর্জনা ছড়িয়ে রয়েছে। স্থানীয়রা জানান, প্রথম কয়েকবছর পিকনিক স্পটে কমবেশি লোকজন আসতেন। ২০২৩ সাল থেকে সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেখানে নতুন প্রকল্প হলে ভালো হবে।
সম্পর্কিত সংবাদ