Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় বাংলাদেশের বঁয়া ঘিরে চাঞ্চল্য

দীঘায় বাংলাদেশের বঁয়া ঘিরে চাঞ্চল্য
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: পর্যটন কেন্দ্র দীঘার সৈকতে ‘বঁয়া’ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার বিকেলে দীঘার উদয়পুর সৈকতের কাছে একটি বঁয়া ভেসে আসে। সমুদ্রের জলে ভাসমান অবস্থায় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটি। ধাতব ওই বস্তুটি দেখে মৎস্যজীবী, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কৌতূহলী মানুষজন তা দেখার জন্য সৈকতে ভিড় জমান। তাতে উল্লেখ ছিল, ‘বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট’। অনুমান, কোনও জাহাজ থেকে বঁয়াটি ছিঁড়ে এসেছে। বর্তমানে বঁয়াটি দীঘা এলাকায় মৎস্যজীবীদের তত্ত্বাবধানে রয়েছে। কয়েকদিন আগে কাঁথির বগুড়ানজালপাইয়ের সৈকতে এরকম একটি বঁয়া ভেসে আসে। জোয়ারের দাপটে বঁয়াটি একেবারে বালিয়াড়িতে এসে ঠেকেছিল। এখনও সেটি সেখানেই পড়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।  সমুদ্রে চলাচলকারী জাহাজের দিকনির্দেশের সুবিধার্থে উপকূলের কাছে লোহার ভাসমান বস্তু লোহার শিকলের সাহায্যে নোঙর করা অবস্থায় থাকে। এগুলির নির্দিষ্ট আকার ও রং রয়েছে। যা দেখে জাহাজের নাবিকরা দিকনির্দেশ পান। এগুলি নেভিগেশন চ্যানেলের দিক চিহ্নিত করে এবং জাহাজগুলিকে পোতাশ্রয়ের মধ্যে এবং বাইরে বেরিয়ে যাওয়ার পথ বুঝতে সাহায্য করে। এবিষয়ে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের সম্পাদক দেবাশিস শ্যামল বলেন, সবে ঘূর্ণিঝড় ডানা গিয়েছে। তার আগে ও পরে সমুদ্র উত্তাল হয়েছে। হয়তো গভীর সমুদ্রে ভাসমান কোনও জাহাজের ধাক্কায় বঁয়া ছিঁড়ে গিয়েছে। তারপর সেগুলি সৈকতে ভেসে এসেছিল। জেলা সহ মৎস্য-অধিকর্তা(সামুদ্রিক) সুমনকুমার সাহা বলেন, বঁয়া ছিঁড়ে আসার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ