Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুগ্ধশ্রী প্রকল্পে যুক্ত হচ্ছে পূর্ব মেদিনীপুরের ১১ ব্লকের ১১৬ গ্রাম

দুগ্ধশ্রী প্রকল্পে যুক্ত হচ্ছে পূর্ব মেদিনীপুরের ১১ ব্লকের ১১৬ গ্রাম
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কাঁথি: দুধ জোগানে স্বনির্ভর এবং কর্মসংস্থানের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলায় দুগ্ধশ্রী প্রকল্পে ১১টি ব্লকের ১১৬টি গ্রামকে যুক্ত করা হচ্ছে। মঙ্গলবার রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ কাঁথিতে দপ্তরের পর্যালোচনা নিয়ে মিটিং করেন। সেখানেই রাজ্যের পাঁচ জেলায় দুগ্ধশ্রী প্রকল্প নিয়ে আলোচনা হয়। দুই মেদিনীপুর, হুগলি, নদীয়া এবং উত্তর ২৪পরগনা জেলায় এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ওই প্রজেক্ট শুরু হয়েছে। আগামী চার-পাঁচ মাসের মধ্যে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার আড়গোয়ালে ওই প্রকল্প শুরু হবে। এগরা-১ ও ২, ভগবানপুর-২, হলদিয়া, খেজুরি-১ ও ২, ময়না, নন্দীগ্রাম-১ ও ২ এবং পটাশপুর-১ ব্লকেও দুগ্ধশ্রী প্রকল্প নিয়ে কাজ হবে। সকাল, সন্ধ্যা দুধ সংগ্রহ করা হবে। প্রতিটি গ্রামে কালেকশন সেন্টার হবে। শুধুমাত্র মহিলাদের ওই কাজে নিযুক্ত করা হবে। প্রতি মাসে ৩, ১৩ ও ২৩তারিখ সরাসরি অ্যাকাউন্টে দুধের দাম পেমেন্ট হবে। হাঁস, মুরগির ছানা বিলি থেকে পশু চিকিৎসায় ওষুধ সরবরাহ এবং তামুলের সমস্যা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। মিটিংয়ে মন্ত্রী ছাড়াও দপ্তরের উপ অধিকর্তা উত্তম বিশ্বাস, জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তরুণ জানা, জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রকল্প অধিকর্তা সায়ন্তন বসু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ২৫টি ব্লক থেকে প্রাণিসম্পদ অফিসাররাও এদিন ছিলেন। হাঁস, মুরগি ছানা বিলিতে শহিদ মাতঙ্গিনী, নন্দকুমার, সুতাহাটা সহ বেশ কয়েকটি ব্লকের পারফরম্যান্স খারাপ। উপভোক্তা তালিকা তৈরি নিয়ে জটিলতা থেকেই মুরগির বাচ্চা বিতরণের কাজ ধাক্কা খাচ্ছে। বিজেপি পরিচালিত শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি সবার পিছনে। এনিয়ে মিটিংয়ে ওই ব্লকের প্রাণিসম্পদ অফিসার জানান, বেনিফিসিয়ারি লিস্ট জমা না পড়ায় মুরগির বাচ্চা বিতরণ করা যাচ্ছে না। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে ইউনিট পিছু ১০টি করে মুরগির বাচ্চা দেওয়া হয়। ওই দপ্তরের সঙ্গে স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে এবার নির্দিষ্ট সংখ্যক স্বনির্ভর গোষ্ঠীকে আড়াইশো করে মুরগির বাচ্চা দেওয়া হবে। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, তামুলকে(তাম্রলিপ্ত কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড)পুনরুজ্জীবিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ