সংবাদদাতা, নবদ্বীপ: শনিবার মায়াপুর ও নবদ্বীপের বিভিন্ন মঠ-মন্দিরে জন্মাষ্টমী উদ্যাপিত হল। মায়াপুর ইসকন মন্দির, নবদ্বীপের গৌরাঙ্গ জন্মস্থান মন্দির, সমাজবাড়ি, বড়পাঠকবাড়ির চিন্তামণি কুঞ্জ, নবদ্বীপের ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, বলদেবজিউ মন্দির, মদনমোহন মন্দির, শ্রীবাস অঙ্গন, মদনগোপাল মন্দির সহ বিভিন্ন মন্দিরে এই উৎসবে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।
সেইসঙ্গে বিভিন্ন গৃহস্থবাড়িতেও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপিত হয়। ভক্তরা সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় দই, দুধ, ঘি, মধু, বিভিন্ন ফলের রস-অর্থাৎ পঞ্চামৃত দিয়ে শ্রীকৃষ্ণের মহাভিষেক করেন। মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, শনিবার ভোর থেকে ইসকন মন্দিরে সারাদিনব্যাপী নামসংকীর্তন সহ নানা ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল। রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত রাধামাধবের মহাভিষেক হয়। তারপর মহা আরতি ও পুষ্পাঞ্জলি হয়েছে।
গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের অন্যতম সেবাইত সুদিনকুমার গোস্বামী বলেন, শনিবার ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে জন্মাষ্টমী উদ্যাপিত হয়। মহাপ্রভুর মহাভিষেক, বিশেষ পুজো ও ভোগ দেওয়া হয়। গৌরাঙ্গের সহধর্মিণী বিষ্ণুপ্রিয়াদেবীর পরিবারের কাছে মহাপ্রভুর আবৃত শ্রীকৃষ্ণ রূপের পুজো হয়। সন্ধ্যায় গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশে সনাতন মিশ্রের পূজিত রাজরাজেশ্বর নারায়ণ শিলাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়।
নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব কিশোরকৃষ্ণ গোস্বামী বলেন, মহাপ্রভু রাধাগোবিন্দের লীলাকেই কলিকালে প্রকাশ করেছেন। তাই জন্মাষ্টমী ব্রতে প্রতিটি মন্দিরে অভিষেক পালন করা হয়। পরদিন নন্দ মহোৎসব হবে।
নবদ্বীপ বলদেবজীউ মন্দিরে এদিন রাধা-শ্যামসুন্দরের অভিষেক হয়। সেখানে ভোগে তালের পাটিসাপটা, তালের মালপোয়া, তালের লুচি ও তালের রসপুলি দেওয়া হয়। নবদ্বীপ পুরসভার উদ্যোগে ১৫আগস্ট সন্ধ্যায় বিবেকানন্দ মুক্তমঞ্চে জন্মাষ্টমী উৎসবের সূচনা হয়েছে। চারদিনের উৎসবে কৃষ্ণলীলা কীর্তন, শ্রীকৃষ্ণের ভজন, বাউলগান ও লোকসঙ্গীত, শ্যামভজন, নৃত্যানুষ্ঠান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সূচনা অনুষ্ঠানে বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা সহ বিভিন্ন মঠ-মন্দিরের বৈষ্ণব ও সাধুরা উপস্থিত ছিলেন।