নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেভেলপমেন্ট লিগের জাতীয় পর্যায়ে ফের হার ইস্ট বেঙ্গলের। এদিন কিকস্টার্স্ট এফসির কাছে ০-১ গোলে হারল তারা। গ্রুপ লিগে তিনটি ম্যাচেই মুখ থুবড়ে পড়ল লাল-হলুদ ব্রিগেড। ট্রায়াল দিয়ে দল গড়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু হাল বদলায়নি। ফুটবলার বাছাই নিয়েও প্রশ্ন উঠছে। সূত্রের খবর, এক সহকর্মীর নাক গলানোয় বিনো জর্জও ক্ষুব্ধ। তার প্রভাব পড়ছে পারফরম্যান্সে। নামমাত্র টাকায় জুনিয়র দলের ফুটবলারদের সই করানো হয়। সস্তার তিন অবস্থা। পড়শি ক্লাবের তুলনায় এখানেও অনেক পিছিয়ে ইস্ট বেঙ্গল। তাই হঠাৎ করে বিষ্ণুরা উঠে এলেও সামগ্রিকভাবে ব্যর্থ লাল-হলুদ ব্রিগেড। সবমিলিয়ে সিনিয়র দলের মতো ব্যর্থতা তাড়া করছে জুনিয়রদেরও।



