সংবাদদাতা, উলুবেড়িয়া: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি কাঠের গুদাম ও বৈদ্যুতিক সরঞ্জামের গুদাম। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আমতা থানার গগন মোড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় কাঠের গুদামের মালিক সুরেন্দ্রনাথ শুক্লা অল্প বিস্তর আহত হয়েছেন। তিনি আমতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, আমতা গগন মোড়ে রাস্তার পাশে আছে কাঠের গুদামটি। সেখানে বহুমূল্যের কাঠ বোঝাই ছিল। অন্যদিকে কাঠের গুদামের পাশেই আছে বৈদ্যুতিক সরঞ্জামের গুদাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত দেড়টা নাগাদ কাঠের গুদামে আগুন লাগে। চোখের নিমেষে তা ছড়িয়েছে ছড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে কাঠের গুদাম। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। গুদামের ভিতরে ঘুমিয়ে থাকা মালিক তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বেরিয়ে আসেন। ততক্ষণে আগুন পাশের বৈদ্যুতিক সরঞ্জামের গুদামে ছড়িয়ে পড়েছে। সেখানে থাকা ফ্রিজ, এসি মেশিন সহ বিভিন্ন জিনিস দাউদাউ করে জ্বলতে থাকে। গুদামের সামনে থাকা একটি ছোট চারচাকা গাড়িতেও আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন ও আমতা থানার পুলিস। ঘটনাস্থলে আসেন হাওড়া গ্রামীণ জেলার পুলিস সুপার সুবিমল পাল সহ পদস্থ কর্তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত তখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছিল দমকল। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার কাছাকাছি। কী কারণে আগুন লেগেছে, দমকল খতিয়ে দেখছে।