ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’!  ফের অন্ধ্র উপকূলেই আছড়ে পড়ার সম্ভাবনা
  • ১ নভেম্বর, ২০২৬ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’-তে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর সকালে আরো শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে হাওেয়া অফিস। ফলে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়ের প্রভাব নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, গতকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ, ভারতীয় সময় ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ সেটি দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল। পরবর্তী সময়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। আজ ভারতীয় সময় সকাল ১১টা ৩০  মিনিট নাগাদ ঘূর্ণিঝড় ‘মুরাসু’ দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল। এর অবস্থান ছিল ১২.১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছে। সেই সময় চেন্নাই থেকে প্রায় ৫৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ছিল ঘূর্ণিঝড়টি। পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২ নভেম্বর সকালের দিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘মুরাসু’। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২ নভেম্বর মধ্যরাত ১১টা ৩০ মিনিট থেকে ৩ নভেম্বর ভোর ৪টের মধ্যে নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী এলাকায় অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। ফলে উপকূলবর্তী এলাকায় ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টি ও প্রবল হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।