সংবাদদাতা, উলুবেড়িয়া: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল চেঙ্গাইলের প্রেমচাঁদ জুট মিলের একাংশ। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। মিল কর্তৃপক্ষের দাবি, আগুনে কোটি টাকারও বেশি পাটজাত সামগ্রীর ক্ষতি হয়েছে। এই মিলটি রয়েছে উলুবেড়িয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। এই জুটমিলে তিন শিফটে কয়েক হাজার স্থায়ী ও অস্থায়ী কর্মী কাজ করেন।
সূত্রের খবর, এদিন সকাল ৮টা নাগাদ প্রথম আগুন নজরে আসে। সেই সময় সকালের শিফটের কাজ চলছিল। যে জায়গায় আগুন লেগেছে, সেখানে মূলত পাট থেকে চট তৈরির পর রোল করে রাখা হয়। ফলে তা দাহ্য বস্তু হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। ছোটাছুটি শুরু করেন অনেকেই। খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মইনুদ্দিন মিদ্দে। প্রাথমিকভাবে শ্রমিকদের একাংশ ঝুঁকি নিয়েই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় শেষমেশ ওই আগুনকে নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখছে দমকল। প্রেমচাঁদ জুট মিলের ভাইস প্রেসিডেন্ট প্রণবকুমার চট্টোপাধ্যায় বলেন, মিলের শ্রমিকদের তৎপরতার কারণেই আগুন অন্য বিভাগে ছড়াতে পারেনি। আগুনে কোটি টাকার বেশি পাটজাত সামগ্রী পুড়ে গিয়েছে। অন্যদিকে, জুটমিলে অগ্নিকাণ্ডের জন্য বিভিন্ন যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ না হওয়াকেই দায়ী করেছেন সিআইটিইউর হাওড়া জেলার সভাপতি সামসুল মিদ্দে। তিনি বলেন, চটকলগুলি ক্রমশ রুগ্ন হয়ে পড়ছে। যন্ত্রপাতিগুলি দীর্ঘদিন ধরে ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হাওয়ায় মেশিনের উপর অত্যধিক চাপ পড়ছে। যার ফলেই এই ঘটনা ঘটেছে। নিজস্ব চিত্র