নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সৈয়দ মুস্তাক আলি টি-২০’তে তরতরিয়ে এগচ্ছিল বাংলা। প্রত্যাশার ফানুসে পিন ফুটিয়ে দিল পুদুচেরি। শনিবার হায়দরাবাদে গুরুত্বপূর্ণ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে মুখ থুবড়ে পড়ল বঙ্গ ব্রিগেড। ৮১ রানের বিশাল হারে প্রবল চাপে টিম ম্যানেজমেন্ট।
এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭৭ রান খাড়া করে পুদুচেরি। মহম্মদ সামি ৩৪ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। জবাবে, ১৫ ওভারও টিকতে ব্যর্থ অভিমন্যু ঈশ্বরনরা। মাত্র ১৩.৫ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় বাংলা। একমাত্র করণ লাল (৪০) ছাড়া বাকিরা পুরোপুরি ব্যর্থ। জয়ন্ত যাদব তুলে নেন ৪ উইকেট। পাশাপাশি ৯ রানে ৩ উইকেট নেন সিদাক সিং। এই দুই বোলারের দাপটে ছত্রখান বাংলার ব্যাটিং। এমন লজ্জার হার কট্টর সমর্থকদেরও ভাবনার বাইরে।