Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাজল শেখের হয়ে প্রচারে আসছেন অভিষেক, রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কাল রোড শো করবেন দেব

বীরভূমের হাসন কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখের হয়ে প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে লাগোয়া  কড়কড়িয়া মোড়ে জনসভায় করবেন।

কাজল শেখের হয়ে প্রচারে আসছেন অভিষেক, রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কাল রোড শো করবেন দেব
  • ৩০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট : বীরভূমের হাসন কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখের হয়ে প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে লাগোয়া  কড়কড়িয়া মোড়ে জনসভায় করবেন। তাঁর সভা ঘিরে একেবারে সাজ-সাজ রব গোটা এলাকায়। রবিবার তারাপীঠে এই সংক্রান্ত এক প্রশাসনিক বৈঠক হয়। সেখানে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের আধিকারিক ও মন্দির কমিটির সদস্যরাও ছিলেন। তার আগে আগামী মঙ্গলবার রামপুরহাট শহরে তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করতে আসছেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। ওই রোড শো সফল করতে এদিন রামপুরহাটের দলীয় কার্যালয়ে শহর ও ব্লক নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন দলের জেলা চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়। আশিসবাবু বলেন, ওইদিন শহর ছাড়াও গ্রাম থেকে হাজার হাজার মানুষ আসবেন। সেই বিষয় নিয়েই আমাদের মধ্যে আলোচনা হয়েছে।  

Advertisement

প্রার্থী ঘোষণা করেই হাই প্রোফাইল নেতাদের দিয়ে সভা ও প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় হাসন কেন্দ্রের প্রার্থী ছাড়াও রামপুরহাট মহকুমার দলের প্রার্থীরাও থাকবেন। তাঁদের দাবি, অভিষেকের সভায় অন্তত ৬০ থেকে ৭০ হাজার মানুষ আসবেন। কড়িকড়িয়া মোড়ে যেখানে তাঁর সভা, সেখানে বিজেপির একটা প্রভাব রয়েছে। তার জন্যই এই জায়গাকে বেছে নেওয়া হয়েছে। এদিন সভাস্থল ও তারাপীঠ মন্দির ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা। পরে তারাপীঠে সভাস্থল ও ম঩ন্দিরের নিরাপত্তা বিষয়ক বৈঠক হয়। এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বহিরাগত বলে প্রচার চালাচ্ছে বিজেপি সহ অন্য বিরোধী দলগুলি। দিল্লি সহ গেরুয়া শিবিরের ভিন রাজ্যের নেতারা এই তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মসূচি সারছেন। তারাপীঠকে ‘আশ্রয়’ করে বিভিন্ন বিধানসভা এলাকায় তাঁরা ঘুরছেন। ফলে অভিষেকের সভার জন্য তারাপীঠকে বেছে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভোটের আগে দলের সর্বভারতীয় সম্পাদক কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে তৃণমূলের অগনিত কর্মী , সমর্থক বলে জানান আশিসবাবু। 
অন্যদিকে, রামপুরহাট কেন্দ্র থেকে টানা পাঁচবার জয়ী হয়ে এসেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু শহরে তুলনামূলকভাবে বিজেপির কাছে পিছিয়ে থাকতে হয়েছে তৃণমূলকে। তাই শহরে বিজেপি বিরোধী হাওয়া তুলতে অভিনেতা দেবকে নিয়ে এসে আগামী মঙ্গলবার রোড শো করবে তৃণমূল। লক্ষ্য, শহরের পিছিয়ে থাকার ব্যবধান কমিয়ে আনা।  জানা গিয়েছে, ওইদিন রামপুরহাট শহর লাগোয়া কিষাণমাণ্ডিতে নামবেন অভিনেতা দেব। পরে ছুফুঁকো এলাকা থেকে হুড খোলা গাড়ি চেপে আশিসবাবুকে নিয়ে কররেন রোড শো। 
তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলায় ছুটে বেড়াচ্ছেন তাতে মনে হয় না কিছুদিনের মধ্যে বিজেপি আর প্রচারে বেরবে। তৃণমূলের দাবিকে কটাক্ষ করেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল। শান্তনুবাবু বলেন, কিছুতেই কিছু হবে না। এবার মানুষ তৃণমূলকে পরাস্ত করে রাজ্যে পরিবর্তন আনবেনই।  
 দুনিগ্রামে তৃণমূল প্রার্থী কাজল শেখকে মিষ্টি খাওয়াচ্ছেন 
মহিলা (উপরে)। রামপুরহাটে প্রচারে তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় (নীচে)। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ