নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পালাবদলের পর পশ্চিমবঙ্গে এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার। তাতেও কাটছে না পশ্চিমবঙ্গের দুয়োরানি দশা! বিগত সরকারের অভিযোগ ছিল, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাংলাকে বিভিন্ন খাতে ধারাবাহিক আর্থিক বঞ্চনা করে চলেছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই ধরনের অভিযোগ উত্থাপনের আর কোনো জায়গা রইল না বলেই মনে করেছিল সংশ্লিষ্ট মহল। কিন্তু বাস্তব বলছে অন্য কথা! ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষের জন্য বিপর্যয় প্রশমন তহবিলে (স্টেট ডিজাস্টার মিটিগেশন ফান্ড বা এসডিএমএফ) রাজ্যভিত্তিক বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে পাঁচ বছরে পশ্চিমবঙ্গের জন্য মোট বরাদ্দ হয়েছে মাত্র ১,৮৩২ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রের অংশ ১,৩৭৪ কোটি এবং রাজ্যের অংশ ৪৫৮ কোটি। বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, উপকূলবর্তী রাজ্য হলেও অন্যান্য ‘ডবল ইঞ্জিন’ রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের বরাদ্দ অনেকটাই কম। যথারীতি অনেক বেশি বরাদ্দ পেয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যগুলি। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে মহারাষ্ট্র, ৭,৮৯৫ কোটি টাকা। এই তালিকায় দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশের, বিহার, মধ্যপ্রদেশ। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ পাশাপাশি দুটি উপকূলবর্তী রাজ্য হলেও ২,৩৭৩ কোটি টাকা পাচ্ছে মোহন চরণ মাঝির রাজ্য। এই বরাদ্দ পশ্চিমবঙ্গের তুলনায় ৫৪১ কোটি টাকা বেশি।



