সংবাদদাতা, বনগাঁ: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে গোটা রাজ্যের বেহাল রাস্তা সংস্কার করা হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরও বনগাঁ পুরসভা এলাকায় শুরু হয়নি রাস্তা সংস্কারের কাজ। পুরসভা এলাকায় সিংহভাগ রাস্তাই বেহাল। ছোট বড় গর্ত রাস্তা জুড়ে। সামনেই পুজো। কিন্তু তার আগে বনগাঁ শহরের ‘রুগ্ন’ একাধিক রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই পুরসভার। বনগাঁ শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে অন্যতম রেটপাড়া থেকে আমলাপাড়া যাওয়ার রাস্তা। চাকদহ সড়ক থেকে যশোর রোডে মিশেছে এই রাস্তা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে বনগাঁ হাসপাতালে যাতায়াত করেন। একাধিক স্কুলের ছাত্রছাত্রীরাও রাস্তাটি ব্যবহার করে। কিন্তু রাস্তাটিতে একাধিক গর্ত, কোথাও কোথাও বড় বড়ও। গর্ত পাশ কাটিয়ে যাতায়াতের সময় নানা দুর্ঘটনা ঘটছে।



