নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সরকার বদলালেও বদলায়নি বারাকপুর আদালতের চেহারা। গত বছর দু’বার হাইকোর্টের বিচারপতিরা পরিদর্শন করে গেলেও হাল ফেরেনি এই আদালতের। প্রতিদিন অসংখ্য মামলার শুনানি ও বিচার হয় এখানে। দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন। অথচ এখনও মহিলা শৌচাগার তৈরি করা গেল না। গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা নেই। ফলে ব্যস্ত রাস্তা এস এন ব্যানার্জি রোডে একটি লেনের অর্ধেকটা আটকে গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। আদালতে নেই অগ্নি নির্বাপণের ব্যবস্থা।২০২০ সালের ১ অক্টোবর বারাকপুর মহকুমা আদালতের নতুন বিল্ডিংয়ের উদ্বোধন হয়। বর্তমানে এই কোর্টে তিন এডিজে সহ ১৫ জন বিচারক বসেন। অথচ আইনজীবীরা বহুবার দাবি জানালেও এখানে এখনও সিভিল জজ সিনিয়র ডিভিশন চালু হয়নি। সবচেয়ে বড়ো সমস্যা হল বিচার প্রার্থীদের বসার জায়গা নেই। আইনজীবীরা বসছেন গাড়ি পার্কিংয়ের জায়গায়। আর গাড়ি পার্ক করা হচ্ছে রাস্তায়।



