সংবাদদাতা, বনগাঁ: মাঝেমধ্যেই পুলিশ ও পুরসভার অভিযান চলছে। তবুও বনগাঁ শহরে বিভিন্ন রাস্তার দু’পাশে থাকা ফুটপাত দখলমুক্ত করতে ব্যর্থ প্রশাসন। এমনই দাবি শহরের বাসিন্দাদের। তাঁদের মতে, প্রশাসন গা ছাড়া মনোভাব দেখানোয় দখলদার ব্যবসায়ীরা বিষয়টিকে ‘মজা’ হিসেবে দেখছে। প্রশাসন ব্যবস্থা নিলে ব্যবসায়ীরা তৎক্ষণাৎ ফুটপাত থেকে সরে গেলেও, দু’দিন বাদে একই ছবি ফিরে আসছে। দু’দিন আগেই পুলিশ ও পুর আধিকারিকরা ফুটপাত দখলমুক্ত করতে পথে নামেন। যদিও তাতে কোনো সুরাহা হয়নি বলে মত নাগরিকদের। বাসিন্দাদের দাবি, শহরের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করতে হবে। প্রয়োজনে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
শহরের ফুটপাতগুলি কার্যত ব্যবসায়ীদের দখলে। সন্ধ্যার পর একের পর এক খাবারের দোকান বসে ফুটপাতে। চেয়ার, বেঞ্চে পেতে চলে খাওয়া দাওয়া। ফুটপাতেই পড়ে থাকে খাবারের উচ্ছিষ্ট, নোংরা জল। এই কারণে ছড়াচ্ছে দুর্গন্ধও। কয়েক বছর আগে পুরসভার পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছিল, রাস্তায় কালো অংশ বা পিচের উপর কোনো যানবাহন দাঁড়িয়ে থাকবে না। কিন্তু পুরসভার সেই নির্দেশিকাই সার। রাস্তাজুড়ে বাইকের বেআইনি পার্কিং তৈরি হয়েছে শহরের একাধিক জায়গায়। বনগাঁ-চাকদহ সড়কেই যেমন হাসপাতাল কালীবাড়ি থেকে ট বাজার পর্যন্ত রাস্তার ফুটপাত পুরোটাই দখল হয়ে গিয়েছে।
এবিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, আমরা ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের দোকান সরিয়ে নিতে বলেছি। আগামীতে দোকান না সরালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এক আধিকারিক বলেন, বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধেও আগামীতে কড়া পদক্ষেপ করা হবে। নিজস্ব চিত্র